শুরু হলো দশম চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল
ঝিঁ ঝিঁ পোকার ডাক। চারপাশে ঘন জঙ্গল। ঘুরছে শিপাঞ্জি, শেয়াল, বাঘ আর বিশাল অ্যানাকোন্ডা। তাদের সামনে জঙ্গল বুক থেকে উঠে আসা মোগলি হাঁটছে। দশম আন্তর্জাতিক কলকাতা শিশু চলচ্চিত্র উৎসবকে (10th Kolkata International Children’s Film Festival) ঘিরে এমনই চেহারা নিয়েছে নন্দন চত্বর। ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু-কিশোর আকাদেমি আয়োজিত শিশুদের জন্য ৫দিন ব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৯ তারিখ পর্যন্ত। নন্দন ১-এ এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টচার্য, মন্ত্রী ইন্দ্রনীল সেন, পরিচালক সন্দীপ রায়, অর্পিতা ঘোষ সহ উদ্বোধনী ছবি ‘গুরাস’-এর পরিচালক সৌরভ রাই ও শিশু অভিনেতা অঙ্কিতা খাওয়াস, পরিচালক অমল গুপ্তা, অভিনেতা পার্থ গুপ্তা প্রমুখ। শিশুশিল্পী তৃষা মণ্ডল ঢাকের বাদ্যি দিয়েই শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনের দিন গগনেন্দ্র প্রদর্শশালায় ‘হাতে কলমে সিনেমা’ প্রদর্শনীর উদ্বোধন হয়। নন্দন (১,২,৩), রবীন্দ্র সদন, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও), শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, রবীন্দ্রতীর্থ – শহরের মোট আট প্রেক্ষাগৃহে চলবে শিশু চলচ্চিত্র উৎসব। এদিন পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি এবং কারিগরী শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা ও পর্যটন বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, “এক দশক আগে আমাদের দূরদর্শী নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূচনা করা এই উৎসবটি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে উঠেছে। তাঁর উদ্যোগে গড়ে উঠেছে শিশু এবং কিশোরদের জন্য এমন একটি উজ্জ্বল চলচ্চিত্র মঞ্চ। একইসঙ্গে, এই উৎসবটি প্রায় এক দশক ধরে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলের একটি অন্যতম দিক হিসেবে শিশু ও কিশোর চলচ্চিত্রপ্রেমীদের মন ও কল্পনাকে ঋদ্ধ করেছে। এর গুণগত বৃদ্ধি ও সদর্থক বিবর্তন দেখে আমি গর্বিত।”
অন্যান্য আকর্ষণীয় চলচ্চিত্রের পাশাপাশি সাম্প্রতিককালের ৬টি জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুচলচ্চিত্র এবং মিয়াজাকি সম্পর্কে একটি বিশেষ রেট্রোস্পেক্টিভ এবারের উৎসবের অন্যতম আকর্ষণ। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিনহা ও মৃণাল সেনের জন্মশতবর্ষও উদযাপিত হবে।
সাম্প্রতিককালের ৬টি জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুচলচ্চিত্র এবং মিয়াজাকি সম্পর্কে একটি বিশেষ রেট্রোস্পেক্টিভ এবারের উৎসবের অন্যতম আকর্ষণ। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিনহা ও মৃণাল সেনের জন্মশতবর্ষও উদযাপিত হবে।

এবারের শিশু চলচ্চিত্র উৎসবের থিম হল "প্রকৃতি"- যা মানুষ ও প্রকৃতির মধ্যে সহাবস্থানের কথা তুলে ধরছে।
দেখানো হবে একাধিক জাতীয় পুরস্কার জয়ী ছবি। থাকছে ভিন্টেজ ক্লাসিক, হলিউড ক্লাসিক। থাকছে তথ্যচিত্র, ছোটো ছবির প্রদর্শন। মোবাইল ফিল্ম প্রতিযোগিতা আছে। নন্দন ৪-এ আছে মাস্টার ক্লাস, ক্লাস নেবেন অমল গুপ্তা, রোমিত মাইতেই, মোহন আগাশে, পারভিন কৃপাকর। এবারের ক্লোজিং ছবি 'তালেডান্ডা', পরিচালক- পারভিন কৃপাকর।
শিশুদের কাছে এই উৎসবকে আকর্ষণীয় করে তোলার জন্য এরকমই হরেক রকম ব্যবস্থা করেছে শিশু-কিশোর আকাদেমি।