৩১তম KIFF-এ ঋত্বিক ঘটক স্মরণ
ঋত্বিক ঘটককে নিয়ে ‘চলচ্চিত্র মানুষ এবং আরো কিছু’ বইয়ের ভূমিকায় লেখা হয়েছিল, জীবনানন্দ তাঁর একটি কবিতায় লিখেছেন—‘এখন অপর আলো পৃথিবীতে জ্বলে।’ সিনেমা যদি আলোর শিল্প হয়, ঋত্বিকের নির্মাণে তবে এই ‘অপর আলো’র কারুকার্য আছে। ঋত্বিক ঘটক, দৃশ্য ও শ্রুতির প্রথা-স্বীকৃত হাতছানিকে উপেক্ষা করে, চলচ্ছবির জন্যেও চেয়েছিলেন একটি ‘অপর’ ভাষার স্থাপত্য। আজ যদি তার চেতনার উৎস থেকে মোহনা পর্যন্ত আমরা পরিক্রমা করতে চাই তা হলে, বলতেই হবে তাঁর হাতে গোনা কাহিনি চিত্রগুলিকে প্রাপ্য গুরুত্ব দিতেই হবে।
আজ যদি তার চেতনার উৎস থেকে মোহনা পর্যন্ত আমরা পরিক্রমা করতে চাই তা হলে, বলতেই হবে তাঁর হাতে গোনা আটটি কাহিনি চিত্র ও আরও কয়েকটি ছোটো ছবি, কিছু অসমাপ্ত প্রকল্পকে প্রাপ্য গুরুত্ব দিতেই হবে।
২০২৫ সিনে-স্রষ্টা ঋত্বিক ঘটককের জন্মশতবর্ষ; ‘প্রাপ্য গুরুত্ব’ দেওয়ার জন্য এর মতো উপলক্ষ্য কী-ই বা হতে পারে! তাই, দেশে-বিদেশে তাঁকে ঘিরে চলছে নানা আয়োজন। আগামী ৬ থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বলাই বাহুল্য এবছর কিফ-এ উদযাপিত হবেন ঋত্বিক, তাঁর জন্মশতবর্ষ। দেখানো হবে তাঁর ছ’টি সিনেমার পুনরুদ্ধারকৃত সংস্করণ (Restored Version)।
এবারের উৎসবে যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন কয়েকটি বিভাগ, তার মধ্যে অন্যতম – বিয়ন্ড বর্ডার্স (Beyond Borders)। পরিযায়ী ও উদ্বাস্তু সমস্যা এখন সারা বিশ্বের। সেই বিষয়ক কিছু ছবি থাকছে এই বিভাগে। নির্দ্বিধায় মানুষের পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেওয়া, মানবিকতা নিয়ে কাটা-ছেঁড়া করা আজকের বিষয় নয়। দেশভাগকে ঋত্বিক দেখেছিলেন একটি জাতির চেতনার চিরস্থায়ী ভাঙন হিসেবে—শুধু ভৌগোলিক নয়, সাংস্কৃতিক, আত্মিক এবং রাজনৈতিকও। ট্রিলজি হিসেবে মেঘে ঢাকা তারা (১৯৬০), কোমল গান্ধার (১৯৬১), সুবর্ণরেখা (১৯৬২) ঋত্বিক ঘটকের সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী কাজ। এই তিনটি চলচ্চিত্র দেশভাগ-পরবর্তী উদ্বাস্তু জীবনের বিভিন্ন দিককে তুলে ধরে। তাঁর সিনেমার চিত্রনাট্য থেকে ক্যামেরা, সম্পাদনা থেকে সংগীত সবটাই সাংস্কৃতিক শিকড় চেনায়, নির্ভেজাল ভাবে। তাই, তাঁর সিনেমা পুরোনো হয়ে যাচ্ছে না, গুরুত্ব পাচ্ছে নতুন প্রজন্মের কাছে।
কিফ-এ প্রদর্শিত হতে চলেছে ঋত্বিকের যে ছ’টি সিনেমা :
বাড়ি থেকে পালিয়ে (১৯৫৮)
৭ নভেম্বর, সন্ধে ৬.৩০, রাধা স্টুডিও
তিতাস একটি নদীর নাম (১৯৭৩)
৭ নভেম্বর, সকাল ৯টা, নন্দন-১
মেঘে ঢাকা তারা (১৯৬০)
৮ নভেম্বর, সন্ধে ৬.৩০, রাধা স্টুডিও
অযান্ত্রিক (১৯৫৮)
৮ নভেম্বর, সকাল ১১টা, রাধা স্টুডিও
কোমল গান্ধার (১৯৬১)
১১ নভেম্বর, সকাল ১১টা, রবীন্দ্র সদন
সুবর্ণরেখা (১৯৬৫)
১২ নভেম্বর, দুপুর ২টো, নজরুল তীর্থ-২
এছাড়াও, ১২ নভেম্বর, ৪টেয় শিশির মঞ্চে এবছর ঋত্বিক ঘটকের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে বক্তব্য রাখবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার আদুর গোপালকৃষ্ণণ (একইসঙ্গে ঋত্বিক ঘটকের ছাত্র)। দেখানো হবে অনুপ সিং পরিচালিত ঋত্বিক ঘটককে নিয়ে ডক্যু-ফিচার ছবি ‘একটি নদীর নাম’।