রায়গঞ্জ থেকে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা, বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন প্রকৃতিপ্রেমীরা

২০১৩ সালের পর রায়গঞ্জ থেকে আবার স্পষ্ট দেখা গেল কাঞ্চনজঙ্ঘাকে

কাঞ্চনজঙ্ঘা। বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। যাকে দেখতে ছুটে যেতে হয় দার্জিলিং। কিন্তু এই করোনাকালীন পর্বেই ঘটল দুর্দান্ত এক ঘটনা। প্রায় ২০০ কিলোমিটার দূরে রায়গঞ্জ শহর থেকে বেশ স্পষ্টই দেখা গেল কাঞ্চনজঙ্ঘাকে। সাক্ষী থাকলেন হাজার হাজার মানুষ। এর আগে হঠাৎ করে দু–একবার দেখা মিললেও, এতটা স্পষ্ট করে রায়গঞ্জ থেকে দেখা মেলেনি কাঞ্চনজঙ্ঘার। 

রায়গঞ্জের মানুষ কাঞ্চনজঙ্ঘা দর্শন করলেন কোজাগরী পূর্ণিমার আলোয়। গানে আছে, ‘চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি’। এক্ষেত্রেও ব্যাপারটি তাই। চাঁদ দেখতে গিয়ে দেখা গেল কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। পরেরদিনও সূর্যের আলোয় কমলা হয়ে ছিল কাঞ্চনজঙ্ঘা। 

খবর পাওয়া মাত্র ভিড় বাড়তে থাকে শহরের শিলিগুড়ি মোড়, কর্ণজোড়া, কুলিক পাখিরালয়, রায়গঞ্জ রেল স্টেশন, সোহারই মোড় এবং শহরের বহুতল বাড়িগুলিতে। শুধু রায়গঞ্জ শহরই নয়, কাঞ্চনজঙ্ঘাকে দেখা গেছে ইটাহার, করণদিঘি, গোয়ালপোখর, ইসলামপুর, চোপড়া থেকেও। হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৩ সালের পর এ বছর খুব ভালোভাবে দেখা গেল কাঞ্চনজঙ্ঘাকে। প্রকৃতিবিজ্ঞানীরা মনে করছেন, দীর্ঘ লকডাউনের কারণে দূষণের মাত্রা কম থাকায় আকাশ পরিষ্কার। স্বাভাবিকভাবেই তাই ভালোভাবে দেখা গেছে কাঞ্চনজঙ্ঘাকে।

ছবিঃ টাইগার হিল থেকে সুদৃশ্য কাঞ্চনজঙ্ঘা
 

Developed by DXDasia