পুরুষের ভূমিকায় অভিনয় করেও তাক লাগিয়ে দিয়েছিলেন কাননদেবী

আজ তাঁর ২৯তম মৃত্যুবার্ষিকী

বাংলা চলচ্চিত্রের প্রথম তারকা নায়িকা ছিলেন কাননদেবী। যদিও তাঁর প্রাথমিক জীবন কেটেছে ভয়ানক দারিদ্রে। মেখলা সেনগুপ্ত ‘কানন দেবী: দ্য ফার্স্ট সুপারস্টার অফ ইন্ডিয়ান সিনেমা’ বইতে লিখেছেন, শিশু কাননকে প্রথম পাওয়া গিয়েছিল হাওড়ার এক পাড়ায়। লোকমুখে জানা গিয়েছিল, তাঁর মা বাইজি আর বাবা দর্জি। নিজের আত্মজীবনী ‘সবারে আমি নমি’-তে কানন দেবী জানিয়েছেন, রাজবালা দেবী ও রতনচন্দ্র দাসের আশ্রয়ে তিনি বেড়ে ওঠেন। রতনচন্দ্র অকালে মারা গেলে পথে বসতে হয় কানন ও রাজবালা দেবীকে। 

কখনও আত্মীয়ের বাড়ি, কখনও অন্য লোকের বাড়ি ঝিয়ের কাজ করেছেন কানন। রতনচন্দ্রের থেকে পেয়েছিলেন বই এবং গানের নেশা – প্রবল দারিদ্রের কষ্টেও সেই নেশা ত্যাগ করেননি। এরই মধ্যে গান শিখতে লাগলেন। দশ বছর বয়সে ম্যাডন থিয়েটারে যোগ দিলেন। ১৯২৬ সালে নির্বাক ছবি ‘জয়দেব’-এ প্রথম অভিনয় করলেন ‘রাধা’-র চরিত্রে। ১৯৩১ সালে সবাক ছবিতে প্রথম কাজ করলেন। ‘জোর বরাত’ ছিল সেই চলচ্চিত্র। 

পুরুষের ভূমিকায় একাধিকবার অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন কানন দেবী। যেমন, ‘প্রহ্লাদ’-এ হয়েছিলেন নারদ, ‘বিষ্ণুমায়া’-তে কৃষ্ণ ও নারায়ণ। ‘কংসবধ’ ছবিতেও পুরুষের অভিনয় করেন। ‘বিষ্ণুমায়া’-র পরিচালক জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়কে কানন জিজ্ঞেস করেন, “তা’হলে আমাকে কি ছেলের রোলও করে যেতে হবে?” পরিচালক বলেন, “এই যখন যেমন ছেলে কী মেয়ে কোথায় পাব, যে গানও পারে, অ্যাক্টিং-ও পারে?” কানন প্রশ্ন করেন, “তা হলে বলছেন ছেলেমেয়ে জুড়িয়ে আমিই সেই প্রথম শিল্পী?” জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় ‘হ্যাঁ’ বলে আশীর্বাদ করেন, “চিরটা কাল তুই প্রথমই থাকিস, কানন”।কানন দেবী গায়িকা হিসেবেও বাংলা চলচ্চিত্রকে শাসন করেছেন। গান শিখেছেন উস্তাদ আল্লারাখা, কাজী নজরুল ইসলাম, ভীষ্মদেব চট্টোপাধ্যায়, পঙ্কজকুমার মল্লিক, রায়চাঁদ বড়াল প্রমুখের থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তাঁকে ডেকে গান শুনেছিলেন। নায়িকা-গায়িকা কানন দেবী উঠেছিলেন খ্যাতির শীর্ষে। তাঁর নামেই বক্স অফিস হিট হত। হয়ে উঠেছিলেন বাঙালির হার্টথ্রব। ‘শ্রীমতী পিকচার্স’ সংস্থা গড়ে তুলে প্রযোজনার কাজও শুরু করেন তিনি। 

সুচিত্রা সেনের আগে কানন দেবীই ছিলেন বাংলার মহানায়িকা। ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করেন। তিনি লাভ করেছিলেন ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারও। ১৯৯২ সালে কাননবালা দেবী প্রয়াত হন। আজ তাঁর ২৯তম মৃত্যুবার্ষিকী। কাননদেবীর প্রতি রইল বঙ্গদর্শনের শ্রদ্ধার্ঘ্য। 

তথ্যঋণ – শঙ্করলাল ভট্টাচার্য, কমলেন্দু সরকার। 

 

Developed by DXDasia