আজ চুনী গোস্বামীর ৮৩তম জন্মবার্ষিকী
আমাদের দেশে তখন ফুটবলের স্বর্ণযুগ। ১৯৬২ সালে জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতল ভারতীয় দল। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে পরাস্ত করল। অধিনায়ক চুনী গোস্বামী। সারা দেশে বাঙালি ফুটবলারের নামে জয়জয়কার। বলের ওপর অসাধারণ দখল তাঁর। সঙ্গে মাঠের পরিস্থিতি বোঝার আশ্চর্য ক্ষমতা। ১৯৬৪-তে এশিয়ান কাপ এবং মারডেকা টুর্নামেন্টে ভারতীয় টিম রৌপ্যপদক অর্জন করে তাঁর নেতৃত্বে।
কিংবদন্তি এই ফুটবলারের আসল নাম কিন্তু চুনী নয়। তিনি সুবিমল গোস্বামী। জন্মেছিলেন পূর্ববঙ্গের কিশোরগঞ্জে। মাত্র ৯ বছর বয়সে মোহনবাগানের জুনিয়র টিমে খেলা খেলা শুরু করেন। ১৯৫৪ সালে যোগ দেন সিনিয়র টিমে। ১৫ বছর খেলেছেন মোহনবাগানের হয়ে। ৬ বার ডুরান্ড কাপ এবং ১০ বার কলকাতা লিগ বিজয়ী দলে ছিলেন। ১৯৬০ থেকে ১৯৬৪ অবধি মোহনবাগানে পালন করেন অধিনায়কের দায়িত্ব। তাঁর কৌশলী নেতৃত্বে পরপর ৩ বার ডুরান্ড কাপ জিতে নেয় মোহনবাগান।

চুনী গোস্বামীকে বলা হত ‘ড্রিবলিংয়ের রাজা’। চিনের অলিম্পিক টিমের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক খেলায় পা রাখেন। ৫০টি ম্যাচ খেলেন জাতীয় দলের হয়ে। অলিম্পিক, এশিয়ান গেমস, এশিয়া কাপ, মারডেকা কাপে মুগ্ধ করেছেন সবাইকে। ভারতীয় ফুটবল টিমের অন্যতম সেরা অধিনায়ক ছিলেন। মাত্র ২৭ বছর বয়সে ফুটবল থেকে অবসর নেন, যখন তিনি খ্যাতির শীর্ষে। ক্রিকেট খেলায় মনোনিবেশ করেন। অবশ্য ফুটবলের আগে তিনি স্কুল জীবনে ক্রিকেট খেলেছেন বাংলার হয়ে।
সব মিলিয়ে ৪৬টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলেছিলেন চুনী গোস্বামী। বাংলা দলের নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধিনায়কত্বে বাংলা রঞ্জি ট্রফির ফাইনালে উঠে হেরে যায় মুম্বাইয়ের কাছে। জাতীয় ক্রিকেট দলের জন্য তাঁর নাম বিবেচিত হয়েছিল বলে শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত দেশের হয়ে ক্রিকেট খেলতে পারেননি তিনি। তবে ১৯৬৬ সালে বিশ্বসেরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে খেলা ক্রিকেটারদের নিয়ে যৌথ একাদশে স্থান পেয়েছেন। চুনী ছিলেন ডানহাতি ব্যাটসম্যান। ডানহাতে মিডিয়াম পেস বল করতেন।

‘অলরাউন্ডার’ চুনী গোস্বামী হকি খেলাতেও ছিলেন দক্ষ। সাউথ ক্লাবে নিয়মিত টেনিস খেলতেন। বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন সারা জীবনে। এশিয়ার সেরা স্ট্রাইকারের পুরস্কার, অর্জুন পুরস্কার, পদ্মশ্রী সম্মান, মোহনবাগান রত্ন লাভ করেন। ২০০৫ সালে কলকাতার শেরিফ নির্বাচিত হন। ‘প্রথম প্রেম’ নামের এক বাংলা চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।
বহুমুখী প্রতিভাধর ক্রীড়াবিদ চুনী গোস্বামী গত বছর আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজ তাঁর ৮৩তম জন্মদিনে রইল বঙ্গদর্শনের শ্রদ্ধার্ঘ্য।
তথ্যসূত্র – আনন্দবাজার আর্কাইভ
