
করোনা আবহেও ফিকে নয় মোহনবাগান দিবস, ভার্চুয়াল অনুষ্ঠান আজ সারাদিন
কবি করুণানিধন বন্দ্যোপাধ্যায় মোহনবাগানের প্রথম জয়ের পর ‘মানসী’ পত্রিকায় লিখেছিলেন,
“জেগেছে আজ দেশের ছেলে পথে লোকের ভিড়,/ অন্তঃপুরে ফুটল হাসি বঙ্গরূপসীর।/ গোল দিয়েছে গোরার গোলে বাঙালির আজ জিত,/ আকাশ ছেয়ে উঠছে উধাও উন্মাদনার গীত।/ আজকের এই বিজয়বাণী ভুলবে নাকো দেশ,/ সাবাশ সাবাশ মোহনবাগান! খেলেছ ভাই বেশ!”
আজ ২৯ জুলাই, মোহনবাগান দিবস। আজকের দিনটার সঙ্গে জড়িয়ে আছে অনেকের সমস্ত আবেগ, উচ্ছ্বাস, গর্ব। ১৮৮০-এর দশকে শুরু হয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলন। এই সময় ভারতীয় জাতীয়তাবাদীদের বিদ্রোহ ভারতীয়দের কল্পনাশক্তিকে জাগরিত করেছিল। এই আন্দোলনকে সাহায্য করার জন্য উত্তর কলকাতার মোহনবাগান অঞ্চলের মিত্র ও সেন পরিবারের সাহায্যে ভূপেন্দ্রনাথ বসু ১৮৮৯ সালের ১৫ অগস্ট ‘মোহনবাগান স্পোর্টিং ক্লাব’ প্রতিষ্ঠা করলেন। কথিত আছে, মোহনবাগান ভিলায় ইডেন হিন্দু হোস্টেলের বিরুদ্ধে এই দল প্রথম খেলেছিল। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ঠিক আগে অধ্যাপক এফ. জে. রো জিজ্ঞাসা করেছিলেন, এই দল কোনো রাইফেল শ্যুটিং বা আংলিং বা এই জাতীয় খেলার সঙ্গে যুক্ত কিনা। মোহনবাগান এই জাতীয় খেলার সঙ্গে যুক্ত নয় জেনে তিনি পরামর্শ দিয়েছিলেন দলের নাম পালটে ‘মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব’ রাখতে। সেই শুরু। তারপর একের পর এক ম্যাচ জেতা। বাকিটা তো ইতিহাস।

অমর একাদশ
আজকের দিনটা পালন করা হয় জমকালোভাবে। কিন্তু করোনা এবার ফিকে করে দিয়েছে ময়দানের সেই রং। তাই সদস্য সমর্থকদের আবেগ আর ভালোবাসার কথা মাথায় রেখে মহামারির মধ্যে একটু অন্যরকমভাবে মোহনবাগান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিলেন ক্লাব কর্তারা। ক্লাবের তরফে জানানো হয়েছে, এবার অমর একাদশের স্মরণে ভার্চুয়াল অনুষ্ঠান হবে। অর্থাৎ পুরো ইভেন্টই হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানের অফিশিয়াল পেজে সেই অনুষ্ঠান লাইভ দেখতে পাবেন সমর্থকরা। সকাল সকালই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। চলবে সারাদিন।
ক্লাবের প্রাক্তন কিংবদন্তি, সেলিব্রিটি ফ্যান এবং ক্লাব কর্তাদের সঙ্গে টক শোয়ের আয়োজন করা হচ্ছে।
এবার মোহনবাগান রত্নে সম্মানিত করা হবে হকির কিংবদন্তি গুরবক্স সিং এবং প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দীকে। সেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পাবেন জোসেবা বেইতিয়া। এর পাশাপাশি সেরা প্রশাসক হিসেবে প্রথম অঞ্জন মিত্র স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হবে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের হাতে।
