মাত্র ৪০০ টাকায় করোনা পরীক্ষা করবে আইআইটি খড়গপুরের নতুন যন্ত্র

এক ঘণ্টার মধ্যেই জানা যাবে রিপোর্ট

এবার খুব কম খরচে আরএনএ ভাইরাস জনিত রোগ নির্ণয় করা সম্ভব হবে। সময়ও লাগবে খুব কম। এমনই যন্ত্র বানাল আইআইটি খড়গপুর। 

আইআইটি খড়গপুরের মাইক্রোফ্লুইডস ল্যাবে তৈরি এই যন্ত্রের পোশাকি নাম নভেল টেকনোলজি ফর কোভিড-১৯ র‍্যাপিড টেস্ট। মাত্র ৪০০ টাকায় এটি সোয়াব টেস্ট করতে সক্ষম। এক ঘণ্টার মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে। শনিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে আইআইটি খড়গপুরের অধিকর্তা বীরেন্দ্রকুমার তিওয়ারির উপস্থিতিতে এই খবর জানান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুমন চক্রবর্তী এবং স্কুল অব বায়ো সায়েন্সের অধ্যাপক তথা ভাইরোলজিস্ট অরিন্দম মণ্ডল। শুরু কোভিড নয়, এই যন্ত্র যে কোনো আরএনএ ভাইরাস ঘটিত রোগ নির্ণয় করতে পারে। 

যন্ত্রটির দাম আনুমানিক দু’হাজার টাকা। ৫০০টি সিন্থেটিক নমুনা একই সঙ্গে আরটি-পিসিআর এবং নতুন এই মেশিনে পরীক্ষা করে দেখা হয়েছে। দু’টি যন্ত্রেই মিলেছে একই রিপোর্ট। তবে সংক্রমিত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার সুযোগ ছিল না। যন্ত্রটি অনুমোদনের জন্য আইসিএমআরের কাছে পাঠানো হয়েছে।

এই যন্ত্রের জন্য তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ। নমুনা পরীক্ষার রিপোর্ট স্মার্টফোনের সেই অ্যাপেই চলে আসবে। এখন একসঙ্গে তিনটি নমুনা পরীক্ষা করতে পারে এই যন্ত্র। তা বাড়িয়ে ঘণ্টায় একসঙ্গে ১০টি নমুনা পরীক্ষা করা যেতে পারে। যেখানে প্রযোজন, সেখানেই নিয়ে যাওয়া যায় মেশিনটি। বিদ্যুৎ খুব বেশি লাগে না। অল্প কিছু কৌশল শিখে নিলে প্রত্যন্ত গ্রামের সাধারণ স্বাস্থ্যকর্মীরাও এই মেশিন ব্যবহার করতে পারবেন। 
 

Developed by DXDasia