ক্লাবের প্রত্যেকেই একসময় করোনায় আক্রান্ত হয়েছিলেন
ভয়, চিন্তা, ছোঁয়াচে, মৃত্যু — কোভিড মানেই সকলের এখন এই শব্দগুলোই মাথায় আসছে। কারোর করোনা হলেই তাঁকে বা তাঁদের ব্রাত্য করে দেওয়া হচ্ছে বহু জায়গায়। কিন্তু এবার জীবনের জয়গান গাইছেন কোভিড আক্রান্তরা।
কোভিড ওয়ারিয়র্স ক্লাব। ক্লাবের প্রত্যেকেই একসময় করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন সুস্থ হয়ে উঠেছেন। ফের তাঁদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তাঁদের নিয়ে রাজ্য সরকার তৈরি করেছে কোভিড ওয়ারিয়র্স ক্লাব। প্রথমে বহরমপুরে এই ক্লাব তৈরি হয়েছিল। এখন ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। মুখ্যমন্ত্রী মমতা ববন্দ্যোপাধ্যায় তাঁদের স্বাগত জানিয়েছেন। বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। যে হাসপাতালে কোভিড যোদ্ধারা কাজ করছেন, সেখানে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে সরকার। এমনকি তাঁদের জন্য মাসে ১৫ হাজার টাকা সাম্মানিকের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, অতিমারী শেষ হওয়ার পরেও যাতে কোভিড যোদ্ধারা কোনও না কোনও কাজ পান, তা তিনি দেখবেন।
এখনও পর্যন্ত কোভিড ওয়ারিয়র্স ক্লাবের সদস্য হয়েছেন ৬০১ জন। ছড়িয়ে পড়েছেন ১৪টি জেলায়। তাঁদের সুবিধা-অসুবিধা দেখার দায়িত্বে আছেন স্বাস্থ্য দপ্তরের কমিশনার মহুয়া ব্যানার্জি। মুর্শিদাবাদ জেলার ৩২ জন কোভিড ওয়ারিয়র্স কাজ করছেন কলকাতার পাঁচটি কোভিড হাসপাতালে। কলকাতা মেডিক্যাল কলেজ, বেলেঘাটা আইডি হাসপাতাল, এমআর বাঙ্গুর, কেপিসি মেডিক্যাল কলেজ এবং সিএনসিআই রাজারহাট। বীরভূমের কোভিড হাসপাতালে কাজ করছেন ১০ জন। অন্যান্য জেলায় সেফ হোমগুলিতেও তাঁদের অনেকে পরিষেবা দিচ্ছেন।