গবেষণায় অনুমতি দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ
করোনার বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের রক্তরস কাজে লাগিয়ে কোভিড ১৯-কে রোখা সম্ভব কিনা, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালু রেখেছেন বিজ্ঞানীরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিকেল বায়োলজির সঙ্গে যৌথভাবে ইতিমধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজের ইমিউনো হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগে এই গবেষণা শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর।
বিজ্ঞানীরা বলে থাকেন, কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হলে তাঁদের দেহে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের শরীরে এই অ্যান্টিবডি প্রয়োগ করলে কী হতে পারে, তা নিয়ে গবেষণা চলছে সারা বিশ্বে। একে বলা হয় ‘প্লাজমা কনভালসেন্ট থেরাপি’। চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশ জোরকদমে পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছে। ভারতে নানা জায়গায় চলছে গবেষণা। আমাদের রাজ্যও তাতে সামিল হয়েছে।
সেই গবেষণা শুরু করার জন্য রাজ্যের চার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে অনুমতি দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর। সল্টলেক আমরি, ক্লিনিমেড লাইফ সায়েন্সেস, অ্যাপোলো গ্লেনেগলস এবং টাটা মেমোরিয়াল সেন্টার এবার করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের রক্তরস কাজে লাগিয়ে চিকিৎসার সম্ভাবনা খতিয়ে দেখতে পারবে।