আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে কাজ করবে এই যন্ত্র
কোনো ব্যক্তির শরীরে কোভিড-১৯ পজিটিভ কিনা, তা চিহ্নিত করা যাবে কাশির শব্দেই। এমনই যন্ত্র বানিয়ে সাড়া ফেলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই পড়ুয়া।
তৃতীয় বর্ষে পাঠরত অন্বেষা বন্দ্যোপাধ্যায় এবং অচল নিলহানির তৈরি এই বিশেষ সাউন্ড সেন্সিং ডিভাইজ কাজ করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। অডিও-ভিজুয়াল ফিডব্যাকের সুবিধে রয়েছে এই যন্ত্রে। কোয়ারান্টিন সেন্টার ছাড়াও অফিস, ক্লাসরুম, সিনেমা হল, কমিউনিটি সেন্টার প্রভৃতি নানা জায়গায় এটি নজরদারি চালাতে সক্ষম। কাশির শব্দ শুনেই যন্ত্রটি করোনা রোগীকে শনাক্ত করে ফেলবে। লকডাউনের পরবর্তী সময়ে যে সব জায়গায় মানুষের জমায়েত হবে, সেখান থেকে কোভিড-১৯ পজিটিভ ব্যক্তিদের চিহ্নিত করতে ড্রোনের সাহায্যে এটি ব্যবহার করা যেতে পারে।
সম্প্রতি এই দুই পড়ুয়া বার্কলের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় সেন্টার অফ এমার্জিং অ্যান্ড নেগলেক্টেড ডিজিসেস আয়োজিত এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সেই অনলাইন প্রতিযোগিতায় পুরস্কার জিতে নিয়েছে তাঁদের বানানো স্বল্পমূল্যের ভেন্টিলেটর।