ঝাড়গ্রামে শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য শপিং মল

জেলার মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন

গৃহস্থ কাজের ফাঁকেই, অবসর সময়ে নিজেদের কর্ম প্রতিভাকে ফুটিয়ে তুলছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মহিলারা। তাঁদের সাহস ও ভরসা জুগিয়ে চলেছে রাজ্য সরকারের স্বনির্ভর সহায়ক প্রকল্প-সহ নানান ধারাবাহিক উদ্যোগ। রাজ্য সরকারের উদ্যোগে জেলার মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন হচ্ছে, গ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠী। ঝাড়গ্রামের মতো আর্থিকভাবে পিছিয়ে পড়া জেলার উদ্যোগী মহিলারাও আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে উঠছেন। সেই পথকে সুগম করতে এবার নেওয়া হচ্ছে আরও এক উদ্যোগ।

 

ঝাড়গ্রামের নিজস্ব শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য আছে, বর্তমানে ঝাড়গ্রাম জেলায় পনেরো হাজারের বেশি স্বনির্ভর মহিলা গোষ্ঠীর সদস্যরা তা বাঁচিয়ে রাখছেন এবং এর মাধ্যমে স্বাবলম্বীও হচ্ছেন। বড়ি, ঘি, দই, পিঠে বাংলার নানা ঐতিহ্যবাহী খাবার-সহ নানা হস্তশিল্প তৈরি করছেন তাঁরা। উল্লেখ্য, বিনপুর-২ ব্লকের জঙ্গল অধ্যুষিত এলাকায় আদিবাসী মহিলারা বাবুই ঘাস দিয়ে নানা সামগ্রী তৈরি করছেন। জামবনি ব্লকের চিল্কিগড় এলাকার মহিলারা ফিরিয়ে এনেছেন ডোকরা শিল্প। কয়েক বছর আগে পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে, মেলা ও খোলা বাজারে নিজেদের পন্য বেচতেন জেলার মহিলারা। এখন ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্কের সৃষ্টিশ্রী স্টলে, জেলার পর্যটনস্থল, শহরের রুরাল হাট, সৃষ্টিশ্রী মেলায় নিজেদের হস্তশিল্প বিক্রি করার সুযোগ পাচ্ছেন। পর্যটকদের মধ্যেও সেই সব লোকজ পণ্যের চাহিদা আছে। কিন্তু, কোনও কোনও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বক্তব্য, চাহিদা থাকলেও রুরাল হাট শহরের এক প্রান্তে হওয়ায় লোকজন বেশি যায় না। বিক্রি কম।

ঝাড়গ্রামের নিজস্ব শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য আছে, বর্তমানে ঝাড়গ্রাম জেলায় পনেরো হাজারের বেশি স্বনির্ভর মহিলা গোষ্ঠীর সদস্যরা তা বাঁচিয়ে রাখছেন এবং এর মাধ্যমে স্বাবলম্বীও হচ্ছেন।

জানা যাচ্ছে, এই ধরনের সমস্যা এড়াতেই এবার ঝাড়গ্রাম শহরের সবচেয়ে জনবহুল রাজ কলেজ সংলগ্ন এলাকায়, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য গড়ে তোলা হবে পাঁচতলা শপিং মল। এবার ঝাড়গ্রামের লোকজ হস্তশিল্প এক ছাদের তলায় পাওয়া যাবে। পর্যটকদেরও সুবিধা হবে। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল সংবাদমাধ্যমে জানিয়েছেন, জেলা প্রশাসনের তরফে জমি দেওয়া হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এই শপিং মলের গ্ৰাউন্ড ও প্রথমতলের স্টলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিসপত্র, নানা ধরনের খাবার পাওয়া যাবে।
 

Developed by DXDasia