
বাংলা সিনেমায় প্রথম মহাকাশে উড়ান
বাঙালি পাড়ি দিচ্ছে মহাকাশে। তাও আবার যাত্রা করছে খোদ মঙ্গলের দিকে, যেখানে কোনো মানুষ এখনও পা রাখতে পারেনি। বাস্তবে এরকম ঐতিহাসিক ঘটনা কবে ঘটবে জানা নেই, তবে, রুপোলি পর্দায় তা হতে চলেছে শিগগিরই। মহাকাশ নিয়ে বাঙালির রোমাঞ্চের কোনো শেষ নেই। সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্পের পাশাপাশি টিনটিনের মহাকাশ অভিযান, এরিক ফন দানিকেনের তত্ত্ব কিংবা বিদেশি সাহিত্যিকদের লেখা মহাকাশ নিয়ে কল্পবিজ্ঞানের গল্প-উপন্যাস আমাদের বরাবরই আকর্ষণ করে। অনেকের মনেই সুপ্ত থাকে স্পেসস্যুট পরে একবার না একবার বিশাল অন্তরীক্ষ ছোঁয়ার ইচ্ছে। সেই স্বপ্নকে ভিত্তি করেই নির্মিত হয়েছে প্রথম বাংলা স্পেস মুভি ‘দিন রাত্রির গল্প’।
আরও পড়ুন
হিথে বিপরীত ফিনিক্স
গোটা ছবি জুড়ে দু’টো গল্প সমান্তরালভাবে এগিয়ে চলবে। একদিকে রয়েছে অরুণিমা চ্যাটার্জির কথা, যে নাসার এক গোপন মহাকাশ অভিযানে যেতে চলেছে। ছোটোবেলায় বাবার হাত ধরে আকাশ চিনেছিল সে। তখন থেকেই মহাকাশের প্রতি ভালোবাসা। কিন্তু নাসার এই মিশনের ব্যাপারে তার বাবা-মা ঘুণাক্ষরেও জানেন না। টানা সাতদিন ধরে মেয়ের কোনো খবর নেই তাঁদের কাছে। এই নিয়ে দু’জনে খুবই চিন্তিত। এমন সময়ে নাসার থেকে লোক আসেন তাঁদের বাড়িতে। জানান, অরুণিমা যেতে চলেছে লাল গ্রহ মঙ্গলে। সিনেমার রহস্য আরও ঘনীভূত হয়, যখন, পরিচালক এক বৃষ্টি ভেজা কালো রাতের গল্প বলা শুরু করেন। দুর্যোগের রাতে এক মেয়ের সঙ্গে এক লোকের দেখা হয়। ওই ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নেয় মেয়েটি। তাদেরকে ঘিরে ধরে খুন, মৃত্যু এবং একের পর এক রুদ্ধশ্বাস রহস্য। এভাবেই থ্রিলারের সাসপেন্স নিয়ে এগোতে থাকে সিনেমা। অবশেষে এক দুর্দান্ত চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য।

‘দিনরাত্রির গল্প’ ছবির পরিচালক প্রসেনজিৎ চৌধুরী। তিনি এবং সুপ্রীতি চৌধুরী লিখেছেন ছবির গল্পটি। ছবিটি সম্পাদনার দায়িত্বে রয়েছেন প্রদীপ দাস। দীপঙ্কর দাস ভিএফএক্স করেছেন। ছবির সংগীত পরিচালক শান্তনু দত্ত। ক্যামেরায় মৃণ্ময় মণ্ডল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, প্রদীপ মুখোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী, সুপ্রীতি চৌধুরী, সৌরভ চক্রবর্তী, রায়তী ভট্টাচার্য প্রমুখ। বাংলায় তাঁরা প্রথম এই ধরনের সিনেমা তৈরি করার দুঃসাহস দেখিয়েছেন, তার জন্য কুর্নিশ জানাতেই হয় গোটা টিমকে। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এই ছবি। প্রশংসা করেছেন দর্শকরা। প্রেক্ষাগৃহে ‘দিন রাত্রির গল্প’ মুক্তি পাবে চলতি মাসের ২৮ তারিখ।
