লকডাউনের মধ্যে বাড়ি থেকেই রক্তদান, বেনজির প্রকল্প চালু করলেন সিধু

ব্লাডব্যাংকে রক্তের ঘাটতি মেটাতে এই উদ্যোগ

লকডাউনের ফলে রক্তের ঘাটতি দেখা দিয়েছে ব্লাডব্যাংকগুলিতে। হাসপাতালগুলিতেও রক্তের জোগান অপ্রতুল। এই পরিস্থিতিতে ব্লাড ব্যাংকগুলিকে সাহায্য করতে অভিনব উদ্যোগ নিলেন সিধু। 

কয়েকদিন আগে সংবাদমাধ্যমে রক্তের সংকট নিয়ে খবর চোখে পড়েছিল তাঁর। নিজে এক সময়ে ডাক্তারি করেছেন, ফলে এই সমস্যা তাঁকে গভীরভাবে নাড়া দেয়। ভাবতে থাকেন, কীভাবে বাড়ি থেকেই রক্ত দান করা যায়। শহরের দু’টি ব্লাডব্যাংকের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করেন। তাঁর ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন কলকাতা এবং বর্ধমানের ‘লাভ ইউ সিধুদা’ গ্রুপের সদস্যরা। তাঁদের উদ্যোগে ভোরুকা ব্লাড ব্যাংক এবং বটতলা অ্যাথলেটিকস ক্লাব সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে রক্ত সংগ্রহ করেছে। সেদিন সকালে গড়িয়াতে সিধুর বাড়ি এবং আশেপাশের অঞ্চল থেকে ৬ ইউনিট রক্তদান করে ‘ঘরে থেকেই রক্তদান’ প্রকল্পের সূচনা হয়। আগামী বেশ কিছুদিন রক্তদান চলবে। 

রক্তদান নিয়ে ফেসবুকে একটি চ্যালেঞ্জ শুরু করার কথাও ভাবছেন ‘ক্যাকটাস’-এর কর্ণধার। পটা, অনিন্দ্য বসু, শিলাজিতের মতো তাঁর গানের জগতের বন্ধুদেরও তিনি এই উদ্যোগে শামিল করতে চান। 

ছবিসূত্র – ফেসবুক 

ভিডিও সৌজন্যে – 'সিধু – হলুদ পাখি' ফেসবুক পেজ

Developed by DXDasia