নিজের রক্ত দিয়ে রোগীর প্রাণ বাঁচালেন বর্ধমানের চিকিৎসক

বর্ধমান মেডিক্যাল কলেজের ঘটনা

ব্লাড ব্যাংকে তখন রক্তের অমিল। রোগীর পরিজন রক্ত জোগাড় করতে না পেরে কপাল চাপড়াচ্ছেন, এমন সময়ে এগিয়ে এলেন হাসপাতালেরই এক ডাক্তার। রক্ত দিয়ে রোগীর জীবন বাঁচালেন।

কিডনির অসুখ নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি আছেন সোমা বর্মন। পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুরের এই বাসিন্দা প্যাংক্রিয়াস ও অন্যান্য অঙ্গেও সংক্রমণের শিকার। শুক্রবার চিকিৎসকরা তাঁর বাবা বাদল বিশ্বাসকে জানান, রোগীকে প্রাণে বাঁচাতে O+ রক্ত প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব, ওই রক্তের জোগান দিতে হবে রোগীকে।

বাদল বিশ্বাস ব্লাড ব্যাংকে গিয়ে জানতে পারেন, সেখানে তখন ওই নির্দিষ্ট গ্রুপের রক্ত মজুত নেই। তখন মাথায় আকাশ ভেঙে পড়ে বাদলের। নানা জায়গায় ছোটাছুটি করেও তিনি O+ গ্রুপের সংগ্রহ করতে ব্যর্থ হন। তখন হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান নীলাদ্রি কয়াল রক্ত দিতে এগিয়ে আসেন। সোমা বর্মনের ওয়ার্ডেই তখন দায়িত্বরত ছিলেন তিনি। তাঁর দেওয়া রক্তে সেইবারের মতো বেঁচে যান সোমা। 

ডাক্তার নীলাদ্রিকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাদল বিশ্বাস। তরুণ চিকিৎসকের এই কাজে ধন্য ধন্য করছেন সবাই। তাঁর এই উদ্যোগ দৃষ্টান্ত হয়ে অন্যান্য চিকিৎসকদের প্রেরণা জোগাবে বলেই বলেই মনে করছে বিভিন্ন মহল। 
 

Developed by DXDasia