‘ভূমিকা’র পঁচিশে শিলাজিৎ – ভক্তরা বলছে, ‘তুমি কি জিনিস গুরু’!

শিলাজিতের প্রথম অ্যালবামের পঁচিশ বছর

সংগীতশিল্পী শিলাজিৎ মজুমদারের সাফ কথা- “ইচ্ছে করছে গান গাইতে তাই গাইছি। যদি চিৎকার করতে ইচ্ছে করত, তাহলে চিৎকার করতাম।” শিলাজিৎ মনে করেন, আদিম যুগের যে বন্য, কর্কশ চিৎকার- কে বলতে পারে তার মধ্যেও গান লুকিয়ে ছিল কিনা! সেই সুর, সেই গান খুঁজে বার করছেন শিলাজিৎ। তরুণ-তরুণীদের প্রিয় মানুষ শিলা।

১৯৯৪ সালের ১লা সেপ্টেম্বর প্রকাশিত হল শিলাজিতের প্রথম অ্যালবাম ‘ভূমিকা’। সাগরিকা কোম্পানির সেই ক্যাসেট বিক্রি হল হু-হু করে। সেই অ্যালবামের প্রত্যেকটি গানই প্রায় জনপ্রিয় হয়ে উঠল। ‘তোদের ঘুম পেয়েছে বাড়ি যা’, ‘বাজলো ছুটির ঘণ্টা’, ‘পথের পাঁচালি’, কিংবা ‘তুমি কি জিনিস গুরু’ – শিলাজিতের উদ্দাম সেইসমস্ত গানে নেচে উঠল বাংলার নবীনরা। পুজোর মণ্ডপ থেকে চায়ের দোকান, কলেজ ক্যান্টিন থেকে সেলুনের রেডিও প্রত্যেক শ্রোতাই পেয়ে গেল তাদের নিজের ভাষা। সেই ভাষা মিনমিনে নয়, সোচ্চার কণ্ঠে তৈরি হল এক একটি গান।

শিলাজিতের ‘ভূমিকা’ অ্যালবামের পঁচিশ বছর পূর্তি হয়ে গেল গত ১ সেপ্টেম্বর অ্যান্টেনার ঠেকে। শুধুমাত্র শিলাজিৎ নন, স্মরণ করা হল শিলাজিতের বাবা অরুণ মজুমদারকেও। এই অ্যালবামের একটি গান ‘প্রেম যেন ওয়েসিস’-এর লেখক অরুণ মজুমদার স্বয়ং। আড্ডায়, গানে কেটে গেল একটা বিকেল।

Developed by DXDasia