বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৪

কলকাতা ও জেলার পুজোগুলিকে সম্মান জানাতে রাজ্যের বিজ্ঞপ্তি

ছর ঘুরে আবার চলে এলো শারদোৎসব, যা বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। শিল্পীদের অভিনব সৃজনশীলতা ও আপামর জনসাধারণের অংশগ্রহণে শারদোৎসব বাংলার সংস্কৃতিকে বৈচিত্র্যপূর্ণ, বর্ণময় ও নান্দনিক করে তুলেছে। বাঙালির দুর্গাপুজোকে আরও আকর্ষণীয় এবং বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুজোর সেরা সম্মান ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার প্রবর্তন করেছে। অন্যান্য বছরের মতো এবছরও কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকা, অন্যান্য জেলায় পুজোগুলির মধ্যে থেকে নির্বাচিত কিছু পুজোকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৪’ প্রদান করা হবে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ্য সরকার।

অনলাইনে এবং অফলাইনে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য কলকাতা তথ্যকেন্দ্র থেকে আবেদনপত্র পাওয়া যাবে এবং উক্ত সময়সীমার মধ্যে জমাও দেওয়া যাবে।

কলকাতা ও সংলগ্ন এলাকা অর্থাৎ কলকাতা পৌর সংস্থা, দক্ষিণ দমদম পৌরসভা, বরানগর পৌরসভা, বিধাননগর পৌর সংস্থা এলাকায় যেসব বিভাগে এই শারদ সম্মান দেওয়া হবে সেগুলি হলো : সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা অন্য ভাবনা,সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজ সচেতনতা পুজো, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা। কলকাতা ছাড়া বাকি ২২ জেলার পুজো কমিটিকে যেসকল বিষয়ে শারদ সম্মান দেওয়া হবে সেগুলি হলো : সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যাচ্ছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী পুজোগুলির জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিগণ বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করবেন। বিভারকমণ্ডলী দ্বারা নির্বাচিত পুজো কমিটিগুলিকে শারদ সম্মান পুরস্কারে ভূষিত করা হবে। নির্বাচিত পুজো কমিটির ফলাফল মহাষষ্ঠীর দিন ঘোষণা করা হবে।

বিদেশের পুজোগুলি সাধারণত তিথির নির্ঘণ্ট মেনে হয় না, সপ্তাহান্তে হয়ে থাকে। তাদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া হবে অনলাইনে। একইভাবে রাজ্যের বাইরের পুজোগুলি অনলাইনে আবেদনের ভিত্তিতে সেরা পুজো বিভাগে শারদ সম্মানে ভূষিত করা হবে।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে এবং অফলাইনে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য কলকাতা তথ্যকেন্দ্র থেকে আবেদনপত্র পাওয়া যাবে এবং উক্ত সময়সীমার মধ্যে জমাও দেওয়া যাবে। জেলার পুজোগুলির ক্ষেত্রে অফলাইনে সংশ্লিষ্ট জেলার জেলা/মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দপ্তর থেকে একই সময়কালে আবেদনপত্র পাওয়া যাবে এবং জমাও দেওয়া যাবে।

প্রসঙ্গত, কলকাতা দুর্গাপুজো বিসর্জনের বিশেষ শোভাযাত্রা (রেড রোড কার্নিভ্যাল) এবারও আয়োজিত হবে রেড রোডে, অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর।

বিস্তারিত জানার জন্য দেখুন ওয়েবসাইট- www.wb.gov.in, www.egiyebangla.gov.in

Developed by DXDasia