একমাত্র ভারতীয় হিসাবে এই পুরস্কার পেলেন শৌনক সেন
৭৫তম কান চলচ্চিত্র উৎসবে (75th Cannes) সেরা তথ্যচিত্রের পুরস্কার পেলেন বাঙালি পরিচালক শৌনক সেন (Shaunak Sen)। তাঁর নব্বই মিনিটের দীর্ঘ তথ্যচিত্র ‘অল দ্যাটস ব্রিদস’ (All That Breathes) পেল ‘গোল্ডেন আই’ (Golden Eye) পুরস্কার, যার মূল্য ৫,০০০ ইউরো।
বাঙালি হলেও পেশাসূত্রে দিল্লিতে থাকেন শৌনক। কানের আগে সানডান্স চলচ্চিত্র উৎসবে (Sundance Film Festival) ‘ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি প্রাইজ’-এ ভূষিত হয়েছিল শৌনকের এই তথ্যচিত্রটি। এরপরেই কানের ‘স্পেশাল স্ক্রিনিং’ বিভাগে দেখানো হয় ‘অল দ্যাট ব্রিদস’।

২০১৫ সাল থেকে কান চলচ্চিত্র উৎসব কমিটি এবং ফরাসি লেখক সংগঠনের যৌথ উদ্যোগে এই ‘গোল্ডেন আই’ পুরস্কার দেওয়া শুরু হয়। ঐতিহ্যবাহী এই পুরস্কারকে L’OEil d’Or অ্যাওয়ার্ডও বলা হয়ে থাকে। এবছর কানে তথ্যচিত্র বিভাগের জুরি ছিলেন পোলিশ চলচ্চিত্র নির্মাতা অ্যাগনিয়েসকা হল্যান্ড (Agnieszka Holland), ইউক্রেনের লেখক-পরিচালক ইরিনা সিলিক (Iryna Tsilyk), ফরাসি অভিনেতা পিয়েরে ডেলাডোনচ্যাম্পস (Pierre Deladonchamps), সাংবাদিক অ্যালেক্স ভিসেন্ট (Alex Vicente) এবং মরক্কোর লেখক-চলচ্চিত্র নির্মাতা হিচাম ফালাহ (Hicham Falah)। তাঁদের বিচারেই সেরার সেরা তথ্যচিত্রের পুরস্কার পায় শৌনক সেনের ‘অল দ্যাটস ব্রিদস’।
২০১৫ সাল থেকে কান চলচ্চিত্র উৎসব কমিটি এবং ফরাসি লেখক সংগঠনের যৌথ উদ্যোগে এই ‘গোল্ডেন আই’ পুরস্কার দেওয়া শুরু হয়। ঐতিহ্যবাহী এই পুরস্কারকে L’OEil d’Or অ্যাওয়ার্ডও বলা হয়ে থাকে।
বিচারকেরা মুগ্ধ হয়ে একটি বিবৃতিতে জানিয়েছেন, “এই বিচ্ছিন্নতার পৃথিবীতে ‘অল দ্যাট ব্রিদস’ সকলকে মনে করিয়ে দেয় প্রতিটি জীবন মূল্যবান। একইসঙ্গে জীবনের প্রতিটা মুহূর্তও মূল্যবান।”

ধ্বংসের আবহেও প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ, শৌনকের তথ্যচিত্রটি বারবার সেই কথাই মনে করিয়ে দেয়। ছবিতে দেখা যায় মহম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ — এই দুই ভাই একসঙ্গে আহত পাখিদের, বিশেষ করে কালো পেঁচাদের উদ্ধার করে তাদের চিকিৎসার বন্দোবস্ত করেন। পাখির সঙ্গে মানুষের যে বহমান সম্পর্ক, তা সুন্দরভাবে ক্যামেরাবন্দি করেছেন শৌনক এবং তাঁর টিম।

বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব হল কান। এবছর কানের ৭৫তম সংস্করণে ছিল সাজো সাজো রব। কান্ট্রি অফ অনার করা হয়েছিল ভারতকে। বিশেষ প্রদর্শনী ছিল সত্যজিৎ রায়ের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’-র (Pratidwandi)। শৌনকের তথ্যচিত্র ছাড়াও স্বল্পদৈর্ঘ্যের ছবি বিভাগে প্রদর্শিত হয়েছে পাওলি দাম অভিনীত বাংলা ছবি ‘ছাদ’ (Chhaad – The Terrace)। গত শনিবার শৌনক সেনের হাতে গোল্ডেন আই পুরস্কার তুলে দেন কান কর্তৃপক্ষ।

ভারতীয় চলচ্চিত্রে এমন ঐতিহাসিক মুহূর্তের জন্য সমাজের সর্বত্র প্রশংসিত হচ্ছেন শৌনক৷ উল্লেখ্য, ২০২১ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের জন্য গোল্ডেন আই পুরস্কার পেয়েছিল আরেক ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া (Payal Kapadia)। বিখ্যাত সেই তথ্যচিত্রের নাম ‘এ নাইট অফ নোয়িং নাথিং’ (A Night of Knowing Nothing)।
ছবি সৌজন্যেঃ শৌনক সেনের ফেসবুক প্রোফাইল