হাওড়ার রাস্তায় হেলমেটহীন চালকদের দাঁড় করিয়ে ধমক দিচ্ছে বাঁটুল, হাঁদা-ভোঁদারা

হাওড়া সিটি পুলিশের তরফে দেওয়াল জুড়ে অভিনব উদ্যোগ

থ চলতে গিয়ে আজকাল প্রায়ই চোখে পড়ে কোনো বাইক আরোহীকে রীতিমতো পাকড়াও করেছে ট্রাফিক পুলিশ। আরোহীটি যেন “ভাজা মাছ উল্টে খেতে জানেন না”, এরকম ভঙ্গিতে নানা কিছু বলে মুক্তি পাওয়ার জন্য অনুনয়-বিনয় করছেন। কিন্তু পুলিশ কর্তা তো নিয়মের ব্যাপারে বেশ কড়া, তাই জরিমানা এড়ানো মোটেই সহজ কথা হচ্ছে না আরোহীর।

হেলমেটহীন বাইকারোহীদের দাঁড় করিয়ে বেজায় ধমক বাঁটুলের, ‘হেলমেট পরবি নাকি হাজার টাকা জরিমানা দিবি।’

হ্যাঁ ঠিক এরকমই চিত্র আমরা শহর থেকে শহরতলী জুড়ে প্রায়শঃই প্রত্যক্ষ করি। কিন্তু এখন যে পুলিশ কর্তাটির কথা বলা হবে, তিনি তথাকথিত সরকারি কর্মচারী নন। তবুও নিয়মের ব্যাপারে বেশ কড়া। তিনি অবশ্য প্রায় সব বাঙালিরই পূর্ব পরিচিত। কে তিনি? তিনি ছোটবেলার কমিক্স বইয়ের হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরা সেই চরিত্র। বাঁটুল দি গ্রেট (Batul The Great)।

হেলমেটহীন বাইকারোহীদের দাঁড় করিয়ে বেজায় ধমক বাঁটুলের, ‘হেলমেট পরবি নাকি হাজার টাকা জরিমানা দিবি।’ দেওয়ালে ফুটিয়ে তোলা কমিক্স (Comics) দেখা যাচ্ছে হেলমেট না পরলে দুর্ঘটনা যে ঘটতে পারে সেই উপদেশ দিচ্ছে বাঁটুল।

বাংলা জুড়ে পথ দুর্ঘটনা রুখতে রাজ্য পুলিশের তরফ থেকে চলতি বছরে আনা হয়েছে একাধিক নতুন নিয়মাবলী। জরিমানার পরিমাণ বাড়ানোর পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা বাধ্যতামূলক করতে একের পর এক অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য পুলিশ। এবারে সেই তালিকায় যোগ দিল হাওড়া ব্রিজ নিকটবর্তী একটি দেওয়াল চিত্র। হাওড়া স্টেশন সংলগ্ন ঋষি বঙ্কিম সরণি দিয়ে একটু এগোলেই চোখে পড়বে দেওয়াল জুড়ে এক অন্যরকম ছবি। নিয়ম ভাঙা রুখতে ছবির দুনিয়ায় ছোটবেলার জগৎকে তুলে আনলো হাওড়া সিটি পুলিশ(Howrah City Police)।

বাঙালির শৈশব জুড়ে যে মানুষটির অবাধ বিচরণ, যাঁর আঁকা কমিক্সের পাতায় চোখ রাখলে আজও আমরা হারিয়ে যাই ভাললাগার দুনিয়ায়, সেই রঙিন শৈশবের ফেরিওয়ালা নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানিয়েই এই উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ (Traffic Police) বিভাগ। নিয়ম শেখাতে নিয়ম ভাঙার বয়সের চরিত্রগুলিকে হাতিয়ার করেছে তারা। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিতে হাতে হেলমেট নিয়ে হাজির হয়েছে বাঁটুল দি গ্রেট। সঙ্গে রয়েছে হাদা ভোঁদাও (Handa-Bhonda)। শুধু তাই নয়, দেওয়ালে রয়েছে এইসকল চরিত্রের স্রষ্টা স্বয়ং নারায়ণ দেবনাথের (Narayan Debnath)ছবিও।

নারায়ণ দেবনাথ বাঙালির মননে রয়েছে। তাঁর সৃষ্টি আজও বাঙালির নস্টালজিয়া। তার ওপর এখন তো যুগটাই চকমের, সেই কারণেই যাতে নতুনত্ব দেখে মানুষ সহজেই নিয়ম মানতে উদ্যত হন, সে কথা মাথায় রেখেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। পথ চলতি মানুষও বেজায় খুশি এই দেওয়াল চিত্র দেখে। কেউ একটু চমকাচ্ছেন। কেউ হাঁ করে তাকিয়ে আছেন। কেউ আবার চট করে ছবিও তুলে নিচ্ছেন মুঠোফোনে।

 

Developed by DXDasia