বসে না থেকে মানুষকে সচেতন করে বেড়াচ্ছেন বাঁকুড়ার বৃদ্ধ রিকশাওয়ালা

এভাবেও পাশে থাকা যায়

একদিকে করোনার মৃত্যুমিছিল অন্যদিকে, অকারণে মাস্ক না পরার অভ্যেস এখনও বদলাতে পারেননি অনেকেই। এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের এক দরিদ্র রিকশচালক। পড়ুন বিস্তারিত।

বর্তমান সময়ে বেঁচে থাকাটাই যেন পরম প্রাপ্তি। কিন্তু এই সঙ্কটের মুহুর্তেও একাংশের মধ্যে বেপোরোয়া ভাব। মাস্ক পরা থেকে অপ্রয়োজনে ঘোরাঘুরি না করার অভ্যেস এখনও রপ্ত করতে পারছেন না বহু মানুষ। তাঁদেরকে সচেতন করতেই রাস্তায় নেমেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের তুঁতবাড়ি এলাকার ষাটোর্ধ্ব বিষ্ণু বাউরি। অভাবের সংসার টানতে এই বয়সেও ভাড়া করা রিকশা চালাতে হয় তাঁকে। লকডাউনে সওয়ারি নেই, কিন্তু বাড়িতে বসে না থেকে, রিকশাকে কাজে লাগিয়ে, করোনাবিধি মেনে মানুষকে সচেতন করতে রাস্তায় রাস্তায় ঘুরছেন বৃদ্ধ।বৃদ্ধের আগ্রহ দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাঁরাই সচেতনতার বার্তা দেওয়া পোস্টারে মুড়ে দিয়েছে রিকশা।

শহরের অধিকাংশ মানুষ তাঁর এই কাজের প্রশংসা করছেন। বিষ্ণুপুরের এক বাসিন্দার কথায়, এভাবেও পাশে থাকা যায়, খুব ভালো উদ্যোগ।

Developed by DXDasia