রাজ্যের মোট ২৮টি রেশন দোকান থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে সামগ্রী
ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে রেশন। তৃতীয়বারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হলেন। এবং প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রজেক্ট, ‘দুয়ারে রেশন’। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বড়োসড়ো পদক্ষেপ৷
গত মঙ্গলবার খাদ্যভবনে এক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুক্রবার পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে দুয়ারে রেশন। রাজ্যের মোট ২৮টি রেশন দোকান থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে সামগ্রী। এটা একটা ট্রায়াল। কতটা সাফল্য মিলল, তা নিয়ে সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে আলোচনা হবে। তারপর আলোচনা সাপেক্ষে নিয়মিত কাজ শুরু করা হবে।
এদিন খাদ্যভবনের বৈঠকে ছিলেন নতুন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি এবং খাদ্যসচিব পারভেজ সিদ্দিকি। রাজ্যের মোট ২২ জেলার ২২টি দোকানকে বেছে নেওয়া হয়েছে। এছাড়া শহরাঞ্চলে আরও ৬ টি দোকান থেকে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে। তবে সবটাই নির্ভর করছে শুক্রবার এই প্রজেক্টের পর কেমন সাড়া পড়ে, তার উপর। চোখ রয়েছে আপামর বাংলার।