কান চলচ্চিত্র উৎসবে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল বাংলাদেশি ছবি ‘রেহানা মরিয়ম নূর’

কানের মঞ্চে এই প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্র

বিশ্বের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে কানে এই প্রথমবার পৌঁছে গিয়েছে বাংলাদেশের ছবি ‘রেহানা মরিয়ম নূর’। গতকাল অর্থাৎ ৭ জুলাই ছিল এই ছবির স্ক্রিনিং। সিনেমা শেষে কান চলচ্চিত্র উৎসবের দর্শকরা ‘স্ট্যান্ডিং ওভেশন’ জানিয়েছেন। প্রেক্ষাগৃহ ছিল সম্পূর্ণ হাউসফুল।

ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে সাদ জানিয়েছিলেন, “মধ্যবিত্ত পরিবারে অনেক ভাইবোনের মধ্যে আমি বেড়ে উঠেছি। আমার চিন্তাভাবনায় তাঁদের অনেক প্রভাব রয়েছে। বিশেষ করে আমার বড়ো তিন বোনের। রেহানাকে নিয়ে লিখতে শুরু করি সম্ভবত সেরকম একটা জায়গা থেকেই। একটু একটু করে রেহানাকে নিয়ে নিজেকে প্রশ্ন করতে শুরু করি। তার ভেতরের ক্ষোভ আর অবিশ্বাস নিয়ে ভাবি। তার ভেতরের কমপ্লেক্সিটি এবং কনট্রাডিকটরি আচরণ বোঝার চেষ্টা করি। রেহানা কী চায় এবং কেন চায়, এটা নিয়ে লিখতে লিখতে ক্রমে আরও প্রশ্ন বের হয়ে আসতে শুরু করে। শেষ পর্যন্ত ওই প্রশ্নগুলোই আমাকে ইন্সপায়ার করে ছবিটা করতে।”কানের ডবসি থিয়েটারে বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে (ভারতীয় সময় ২টো ৪৫ মিনিট) ছবিটির প্রদর্শনী শুরু হয়। প্রায় পৌনে ২ ঘণ্টা পর সিনেমাশেষে দর্শকরা প্রত্যেকেই দাঁড়িয়ে হাততালি দেন। এই দৃশ্য দেখে আবেগে ভাসেন ছবির পুরো টিম। আনন্দে কাঁদতে থাকেন ছবির কেন্দ্রীয় চরিত্রাভিনেত্রী আজমেরী হক।

আসলে কানের মতো জায়গায় বাংলা ছবি পৌঁছে দেওয়া মানে বাঙালিদের প্রতিনিধিত্ব করা। বাংলাদেশের এই কৃতিত্বে গর্বিত পশ্চিমবাংলাও। এই জয় বাংলা ও বাঙালির জয়।

Developed by DXDasia