৩৫০ লিটল ম্যাগাজিন এবং ৫০০ কবি-লেখকের সম্মিলনে শুরু হল লিটল ম্যাগাজিন মেলা ২০২২

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির আয়োজনে শুরু হল ৫দিন ব্যাপী সাহিত্য-মেলা

লিল ম্যাগাজিন। বিশ্ব সাহিত্যে যার মূল্য অপরিসীম। লিটল ম্যাগাজিন আস্ত একটি আন্দোলন। সে তার সমস্ত জেদ আর অহংকার নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে৷ কে তার পাশে রইল, কে এলো-গেলো; এসব হিসাব লিটল ম্যাগাজিন রাখে না। কারণ তার নিজস্ব একপ্রকার যাপন আছে। কবি ভাস্কর চক্রবর্তী যেমন কবিতাযাপন প্রসঙ্গে লিখেছিলেন, বিখ্যাত বিখ্যাত আর বিখ্যাত হওয়ার মধ্যে একটা অশ্লীলতা আছে। লিটল ম্যাগাজিন বাঁচে, তাকে বাঁচতে হয় প্রজন্মের পর প্রজন্ম।

লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের কর্ণধার সন্দীপ দত্ত কলকাতার ঐতিহ্যবাহী লিটল ম্যাগাজিন মেলা সম্বন্ধে জানাচ্ছেন, "১৯৯৮ সালের মে মাসে আমার প্রস্তাবে বাংলা আকাদেমির উদ্যোগে ১৯৯৯ সালের ৯ জানুয়ারি লিটল ম্যাগাজিন মেলার পথ চলা শুরু। এই লিটল ম্যাগাজিন মেলার প্রদীপে সলতে জ্বালিয়েছিলেন অন্নদাশংকর রায়ের মত সাহিত্যিক।"

করোনার প্রকোপে পিছিয়ে দেওয়া হয়েছিল কলকাতার যাবতীয় উৎসব-আয়োজন। সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর সমস্ত বিধিনিষেধ মেনে পুরোনো মেজাজ নিয়ে ফিরছে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির লিটল ম্যাগাজিন মেলা ২০২২। স্থানঃ নন্দন-রবীন্দ্র সদন চত্বর।আজ থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি, দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা। প্রায় ৩৫০-র বেশি লিটল ম্যাগাজিন মেলায় অংশগ্রহণ করবে। পাঁচদিন ধরে চলবে বিভিন্ন মনোজ্ঞ বিষয়ের উপর আলোচনা সভা এবং কবিতা পাঠ।

প্রবীণ-নবীন কবি, গল্পকার, সম্পাদকের ভিড়ে নতুন প্রাণ পাবে সবার প্রিয় নন্দন। স্টলে চেয়ার পাওয়া নিয়ে খানিক ঝামেলা হবে, পত্রিকায় লেখা মনোনীত হয়নি দেখে খানিক অভিমান করবেন তরুণ কবি, পুরোনো বন্ধুকে দেখে কেউ ঝাঁপিয়ে পড়বেন বন্ধুর কাঁধে, কেউ স্টল না পেয়ে এ প্রান্ত থেকে সে প্রান্ত ফেরি করবেন স্বপ্নের পত্রিকা… এসব যদ্দিন থাকবে, লিটল ম্যাগাজিনেও প্রাণ থাকবে তদ্দিন। সমস্ত হাইরাইজ আর কংক্রিট পার করে লিটল ম্যাগাজিন থেকে যাবে মাটির হৃদয়ের চাষে-আবাদে। আজ একতারা মুক্তমঞ্চে মেলা উদ্বোধন করবেন কবি মৃদুল দাশগুপ্ত এবং লেখিকা অনিতা অগ্নিহোত্রী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। সভামুখ্য হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি ব্রাত্য বসু।

Developed by DXDasia