বগুরান জলপাই – নিরিবিলি সৈকত

বঙ্গোপসাগরের তীরে ছোট্ট গ্রাম

সমুদ্র নিয়ে বাঙালির ফ্যান্টাসি অফুরন্ত। হবে নাই বা কেন? সমুদ্রের বিশালতায় হারিয়ে যায় আমাদের ছোটো ছোটো ক্লেদ। জীবনের নশ্বরতা ভুলে অসীমের অনুভূতি নিয়ে বেলাভূমিতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়। একটার পর একটা ঢেউ আসে, আমাদের যন্ত্রণা-বেদনা ঝাপটার পর ঝাপটায় ধুয়ে-মুছে নিয়ে ফিরে যায় আবার। তাই তো সুযোগ পেলেই আমরা চলে যাই সমুদ্রে। তবে ভিড়ভাট্টা অনেক সময়েই ভালো লাগে না। মন চায় নির্জন কোনো সৈকতে ছুটি কাটাতে। বগুরান জলপাই সেরকমই এক জায়গা। 

বঙ্গোপসাগরের তীরে ছোট্ট গ্রাম 

এমন স্বর্গীয় ডেস্টিনেশন রয়েছে আমাদের বাংলাতেই। কলকাতা থেকে ১৬৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তীরে এই ছোট্ট গ্রাম। পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি মহকুমার অন্তর্গত। মোটামুটি চার ঘণ্টার মতো সময় লাগে কলকাতা থেকে এখানে পৌঁছতে। নতুন পর্যটনকেন্দ্র হিসেবে পর্যটন পাগল লোকেদের মনে দাগ কেটে নিয়েছে জায়গাটি। নিরিবিলি শান্ত পরিবেশ। বিস্তীর্ণ বালুকাবেলা। ঝাউগাছের ঘন অরণ্য। দিঘার মতো বড়ো ঢেউ নয়, এখানে সমুদ্রের ঢেউ ছোটো ছোটো। প্রকৃতির মধ্যে হারিয়ে একাকীত্ব উপভোগ করার ইচ্ছে হলে আসতেই পারেন এই বেলাভূমিতে। 

নিরিবিলি ছুটি কাটিয়ে আসুন ভিড়মুক্ত এই সৈকতে

শরীর এবং মনকে নতুন প্রাণশক্তি দেবে নির্মল বাতাস

বগুরান জলপাইয়ের আরেক সৌন্দর্য লাল কাঁকড়া। অসংখ্য কাঁকড়া যেন লাল গালিচায় ঢেকে রেখেছে সৈকত। অথবা যেন ফুটে আছে লক্ষ লক্ষ লাল গোলাপ। আর শামুক, ঝিনুক ইত্যাদি কুড়োনোর সুযোগ তো আছেই। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্যও অসাধারণ। শরীর এবং মনকে নতুন প্রাণশক্তি দেবে নির্মল বাতাস। স্থানীয় মানুষরাও খুব বন্ধুত্বপূর্ণ। মৎসজীবীদের সঙ্গে আলাপ করতে পারেন। তাঁদের সংগ্রহে আছে সমুদ্রের অভিজ্ঞতায় ভরা বেশ কিছু গল্প। বছরের যে কোনো সময়েই এখানে যাওয়া যায়। তবে অক্টোবর থেকে মার্চের মধ্যে যাওয়াই সবথেকে ভালো। 

এখানে সমুদ্রের ঢেউ ছোটো ছোটো 

অন্যান্য দ্রষ্টব্য
কাছেই আরো কিছু মনোরম জায়গা রয়েছে। মাত্র ৫ কিলোমিটার দূরে আছে জুনপুট। এছাড়া মন্দারমণি ৩২ কিলোমিটার, দিঘা ৪৫ কিলোমিটার, তাজপুর ৩৫ কিলোমিটার এবং বাঁকিপুট ১২ কিলোমিটার দূরে।
কীভাবে যাবেন
ট্রেনে অথবা বাসে দিঘা পৌঁছে সেখান থেকে গাড়ি নিয়ে বগুরান জলপাই যেতে পারেন। এছাড়া কাঁথি থেকেও যাওয়া যায়। ট্রেন থেকে নামতে হবে কাঁথি স্টেশনে অথবা বাস থেকে কাঁথি সেন্ট্রাল বাস টার্মিনালে নামবেন। সেখান থেকে বগুরান জলপাই যাওয়ার অটো, টোটো বা অন্য গাড়ি রিসার্ভ করা যায়।
কোথায় থাকবেন
বগুরান জলপাইতে থাকার আস্তানা একটাই – ‘সাগর নিরালায় গেস্ট হাউস’। ফোন নম্বর – ৯৪৩৪০১২২০০। এছাড়া দিঘায় রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের দিঘালি ট্যুরিজম প্রপার্টি। সেখানেও থাকতে পারেন। বিস্তারিত জানতে ৯৭৩২৫১০১৩৪ নম্বরে ফোন করুন। প্রয়োজনে যোগাযোগ করুন –
West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Email: visitwestbengal@yahoo.co.in, 
mdwbtdc@gmail.com, 
dgmrwbtdc@gmail.com

 
Developed by DXDasia