রঞ্জনার পর বড়োপর্দায় বেলা বোস

অঞ্জন দত্তের পরিচালনায় এই ছবিটির নাম দেওয়া হয়েছে, ‘বেলা বোসের জন্য’

“চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো/ এখন আর কেউ আটকাতে পারবে না/ সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো/ মা-কে বলে দাও বিয়ে তুমি করছো না…”

অঞ্জন দত্তের জনপ্রিয় এই গানটি মুক্তি পায় ১৯৯৪ সালে। অ্যালবাম ‘শুনতে কি চাও’। নব্বই তো বটেই, তারপর দশকের পর পর ধরে এই গান বেজেছে কমবেশি প্রত্যেক বাঙালির ঘরে। স্বয়ং অঞ্জন দত্তকেও এই গান দিয়েছিল তুমুল জনপ্রিয়তা। পাশাপাশি বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি শ্রোতা খুঁজে পেয়েছিল হারানো প্রেমিকা কিংবা প্রেমকে। সেই নম্বরটায় ঘনঘন ডায়াল। 2441139। ফোন করলেই রং নম্বর বলত কিংবা পরিষেবা আওতার বাইরে। বাঙালিদের দীর্ঘশ্বাসের শব্দ ক্রমশ লম্বা হত। বেলা বোস। আমাদের অতি যত্নের-ভালোবাসার বেলা বোস।

অঞ্জনের আরও একটি বিখ্যাত গান ‘রঞ্জনা’-কে নিয়ে ২০১১ সালের ২৪ জুন মুক্তি পেয়েছিল ‘রঞ্জনা আমি আর আসব না’। স্বপ্নে দেখা রঞ্জনা জীবন্ত হয়েছিল। তারপর শ্রেষ্ঠ চলচ্চিত্রের জাতীয় পুরস্কার। সেই উন্মাদনার দশ বছর পূর্ণ হল। ঠিক এমন সময়েই ঘোষিত হল, বড়োপর্দায় এবার অঞ্জন দত্তের নতুন চমক বেলা বোস। ছবিটির নাম দেওয়া হয়েছে, ‘বেলা বোসের জন্য’। এমনিতে রঞ্জনা, বেলা বোস, তানিয়া বা ম্যারিয়ানকে নিয়ে সাধারণ মানুষ বরাবর কৌতূহলী। সেই তৃষ্ণা মেটাতেই এমন আয়োজন।

“বেলা বোস তুমি শুনতে পাচ্ছো কি?/ দশ বারো বার রং নম্বর পেরিয়ে তোমায় পেয়েছি…”। অঞ্জন দত্তের সেই গান আজকের স্মার্টফোন যুগেও তরুণদের বুকে দোলা দেয়। আজও স্মৃতিতে উজ্জ্বল সেই নিরুচ্চারিত প্রত্যাখ্যান। ওপারে কোনও এক নীরব নারী। বেকারত্বের অন্ধকারে তলিয়ে যেতে থাকা এক যুবকের করুণ আর্তি, “দিন না ডেকে বেলাকে একটিবার”। ভেসে যেতে যেতে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাওয়া সেই তরুণ প্রাণ। একচিলতে আলোর মতো ‘নতুন চাকরি’ অথবা ‘প্রথম চাকরি’।

তবে প্রশ্ন জাগে, অঞ্জন দত্ত বারবার কেন বহুল চর্চিত সেই নস্ট্যালজিয়াকেই ধরতে চাইছেন? তাঁর কি তাহলে নতুন কিছু আর দেওয়ার নেই। একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত অঞ্জন দত্তের প্রথম ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’-এও সেই পুরোনো দার্জিলিং। অঞ্জনের চেনা ফর্ম। একগাদা সংলাপ, প্রত্যেকের অভিনয় সবটাই ‘অঞ্জনোচিত’। এখন কথা হতেই পারে, এটাই অঞ্জন দত্ত। অঞ্জন এইরকমই থাকবেন। কিন্তু কতদিন আর নস্ট্যালজিয়াকে খুঁচিয়ে খুঁচিয়ে শিল্প হয়! দার্জিলিং, সানগ্লাস, গিটার, রঞ্জনা, বেলা বোস এবং ইত্যাদি ইত্যাদি…। অঞ্জন অঞ্জনের মতো থাকুন, কিন্তু নতুন কিছুও আবিষ্কার করুন। একঘেয়েমির হাত থেকে বাঙালি দর্শক বাঁচবে। কারণ অঞ্জন একঘেয়েমি থেকে মুক্তি দিতে জানেন। জানেন বলেই এখনও ঘরে ঘরে তিনি আদরের।

অঞ্জন দত্তের নতুন ফেসবুক পোস্ট ‘বেলা বোস আসছে’। কিন্তু বেলার চরিত্রে অভিনয় করবেন কে? ফোনের এপারে থাকা তরুণ ছেলেটিই বা কে! সবটাই এখন ধোঁয়াশার মধ্যে। তবে প্রযোজক রাণা সরকারের মতে, আগের ছবির মতো এই ছবিতেও নায়ক নাও থাকতে পারেন। তবে অঞ্জন দত্ত অবশ্যই থাকবেন। জানা গিয়েছে, ছবিতে বরাবরেই মতোই সংগীত পরিচালনা করবেন নীল দত্ত। নতুন গানের পাশাপাশি পুরনো গানও থাকবে।

Developed by DXDasia