ভেনিসে পাড়ি আদিত্য বিক্রমের নতুন ছবি ‘ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা’

আদিত্য বিক্রম সেনগুপ্তের হাত ধরে নতুনভাবে ফিরে আসবে কলকাতার নস্টালজিয়া

সিনেমার পোস্টার (ছবিঃ সংগৃহীত)

বাংলা চলচ্চিত্রে সম্পূর্ণ এক নতুন ঘরানা তৈরি করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত। যিনি তথাকথিত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কমার্শিয়াল দুনিয়ার বাইরে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমনকি নিজের কাজের বিষয়েও কম কথা বলতে পছন্দ করেন। আদিত্যর প্রথম ছবি ‘আসা যাওয়ার মাঝে’ দেখে দর্শক নস্টালজিক হয়েছিলেন, আবার দ্বিতীয় ছবি ‘জোনাকি’ দেখে দর্শক মুগ্ধ হয়েছিলেন। এবার তৃতীয় যাত্রার শুরু। বিষয় – তিলোত্তমা কলকাতা।

পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত

আজকের কলকাতা শহর কি সত্যিই আগের মতো নস্টালজিয়া ধরে রাখতে পেরেছে? আমাদের ছোটোবেলাগুলো কি পাল্টে যাচ্ছে? তিলোত্তমার সেই হারিয়ে যাওয়া বিষয়গুলোই এবার উঠে আসবে আদিত্যর ‘ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা’ ছবিতে। ছবির মূল চরিত্র ইলা খুঁজছে তাঁর পুরোনো শহরকে, ছোটোবেলাকে। যার অন্যতম চরিত্র হিসেবে থাকছে সায়েন্স সিটির কাছে ডাইনোসর। ছবির গল্প সদ্য কন্যা হারানো এক মাকে নিয়ে।

এক বিবৃতিতে আদিত্য বিক্রম সেনগুপ্ত জানিয়েছেন, “এই ছবিটি কলকাতা শহর এবং শহরের জনগণের জন্য ব্যক্তিগত অনুভূতি এবং আবেগের সমাপ্তি। বিশেষত এটি দ্রুত পরিবর্তিত বিশ্বের দিকে নজর দেওয়ার চেষ্টা করে। সত্যিকারের চরিত্র এবং বাস্তব ঘটনাবলী যা আমার অতীতের ‘কমিউনিস্ট’ শহরের বিভিন্ন স্তরকে দেখানো হয়েছে, যা হয়তো কিছু মাত্রায় বেদনাদায়ক, কিন্তু তবুও তাতে আশা এবং আনন্দ ছিল। ফিল্মটি বিস্তৃত মহানগরীতে শ্বাস নিতে-নিতে হাঁপাতে থাকা মানুষের আকাঙ্ক্ষা ও সংগ্রামকে তুলে ধরে।”

অভিনেতা শ্রীলেখা মিত্র এবং অনির্বাণ চক্রবর্তী

ইতিমধ্যেই ‘ওয়ানস আপন এ টাইম ইন কলকাতা’-র ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে প্রতিযোগিতামূলক বিভাগে দেখানো হবে এই ছবিটি। আদিত্যর প্রথম ছবি ‘আসা যাওয়ার মাঝে’-ও ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল এবং সেরা ডেবিউ ফিল্মের পুরস্কার পেয়েছিল। ‘ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা’ একমাত্র ভারতীয় ছবি যেটি হরাইজ়নস বিভাগে প্রতিযোগিতায় শামিল। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। এছাড়াও রয়েছেন ব্রাত্য বসু, সত্রাজিৎ সরকার, অরিন্দম ঘোষ, ঋতিকা নন্দিনী শিমু, অনির্বাণ চক্রবর্তী এবং নবাগত শায়ক রায়। পরিচালক আদিত্যর বাবা ত্রিদিব সেনগুপ্ত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির চিত্রগ্রাহক পাম ডি’অর বিজয়ী গোখান তিরিয়াকি এবং সংগীত করেছেন ডাচ সুরকার মিনকো এগার্সম্যান। প্রযোজনায় আদিত্য-জোনাকির ‘ফর ফিল্মস’ এবং ফ্রান্স ও নরওয়ের দুটি প্রযোজনা সংস্থা।

ভেনিসের প্রতিযোগিতা বিভাগে আদিত্যর ছবি

Developed by DXDasia