তালপাতার সেপাই নিয়ে লিঙ্গ সংবেদনশীলতার কর্মশালা খোয়াবগাঁয়

চালচিত্র অ্যাকাডেমি এবং চারুচেতনার যৌথ প্রচেষ্টা

বাংলার লোকশিল্পের নমুনা হিসেবে, প্রকৃতিজাত ও পরিবেশবান্ধব খেলনা হিসেবে তালপাতার সেপাই বহুদিন থেকে ছোটোবড়ো সকলের মনোরঞ্জন করে আসছে। শুধু তাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার ইতিহাস। সিপাহী বিদ্রোহের সময় প্রতিবাদ আর ব্রিটিশ শাসনকে উপহাস করবার মাধ্যম হয়ে উঠেছিল তালপাতার সেপাই। শূদ্রকের মৃচ্ছকটিকেও এর উল্লেখ পাওয়া যায়। এবার এই তালপাতার সেপাইকে কেন্দ্র করেই ঝাড়গ্রামের খোয়াবগাঁ-তে (কোনেডোবা গ্রামে) একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।

মজিলপুরের পুতুল প্রশিক্ষণ

২০১৯ সালে ‘সংলাপ’ শিরোনামে একটি প্রকল্পের সূচনা হয় খোয়াবগাঁয় (লালবাজার গ্রাম)। উদ্দেশ্য, শিল্পের প্রসার ঘটানোর পাশাপশি পিছিয়ে পড়া মানুষদের শিল্পের মাধ্যমে জনসমক্ষে আনা।

২০১৮ সালে শিল্পী মৃণাল মণ্ডল ও চালচিত্র অ্যাকাডেমির অন্যান্য সদস্যারা মিলে আস্ত একটি গ্রামকে করে তুলেছিলেন  ‘ওপেন স্টুডিও’। মৃণাল মণ্ডলের উদ্যোগে চালচিত্র অ্যাকাডেমির পরিচালনায়, ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে লোধাশবর অধ্যুষিত লালবাজার গ্রামকে দত্তক নিয়ে গড়ে তোলা হয় ‘খোয়াবগাঁ’। এখন শিল্পগ্রাম হিসেবে পর্যটকদের কাছে  আকর্ষণীয় তো বটেই, খোয়াবগাঁ-র হাত ধরে কলঙ্ক ঘুচেছে ঝাড়গ্রামের আদি উপজাতি জনগোষ্ঠীর; তাঁদের চিন্তাধারা বদলে দিয়েছে রং-তুলি-ডোকরা। কখনও আলপনা, কখনও কাটুম কুটুম কখনও ভেজিটেবল ডাই অথবা পটচিত্র… বছরভর নানা কর্মসূচি পালন করে চালচিত্র অ্যাকাডেমি। সেই সব কর্মশালায় অংশগ্রহণ করেন সেখানকার গ্রামবাসীরা। চলে সাক্ষরতার পাঠও।

 

২০১৯ সালে ‘সংলাপ’ শিরোনামে একটি প্রকল্পের সূচনা হয় খোয়াবগাঁয় (লালবাজার গ্রাম)। উদ্দেশ্য, শিল্পের প্রসার ঘটানোর পাশাপশি পিছিয়ে পড়া মানুষদের শিল্পের মাধ্যমে জনসমক্ষে আনা। মোট ১২টি গ্রাম এই প্রকল্পের আওতায় আছে বলে জানা যাচ্ছে। এবার চালচিত্র অ্যাকাডেমি এবং চারুচেতনার যৌথ প্রচেষ্টায়, আগামী ২৪ অক্টোবর, জাগরণী (The Awakening) শিরোনামে ঝাড়গ্রামের কোনেডোবায় আয়োজিত হতে চলেছে সংলাপ ৮। একদিন ব্যাপি Gender Sensitization বা লিঙ্গ সংবেদনশীলতার কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন বর্ধমানের প্রখ্যাত শিল্পী শ্রীমতি চন্দনা দত্ত এবং শ্রী মদন মোহন দত্ত।

কর্মশালায় গ্রামের সাধারণ মহিলা ও যুবতীদের কাছে কিছু জরুরি বার্তা গল্পের মাধ্যমে সহজে পৌঁছে দেবার জন্য ব্যবহার করা হবে তালপাতার সেপাই। সুস্থ সমাজ গড়ে তোলার জন্য প্রয়োজন সুস্হ মানসিকতা ও নিজেদের অধিকার সম্বন্ধে সচেতনতা। বিশ্ব জুড়ে প্রতিনিয়ত বহু মহিলা হিংসা, বিদ্বেষ সহ বিভিন্ন অন্যায়ের শিকার হন। শহরে যেটুকু সচেতনতা তৈরি  করার অবকাশ থাকে, তার তুলনায়, প্রত্যন্ত গ্রামে প্রায় এই সচেতনতার আলো ক্ষীণ ভাবেও পৌছায় না। মৃণাল মণ্ডল বলছিলেন, “সিংহভাগ মেয়েরাই, পুরুষতান্ত্রিক সমাজে লিঙ্গ বৈষম্যের শিকার, বিভিন্ন নির্যাতন সহ্য করেন, এমনকী আত্মহত্যার পথ বেছে নেন। এই কর্মশালার মাধ্যমে, গ্রামের শুধু মেয়েদেরই নয়, ছোটো বড়ো সকল ছেলেদের কাছেও কিছু বার্তা পৌঁছে দেওয়া হবে। আইনি সচেতনতা তৈরি করারও প্রচেষ্টা করা হবে এই কর্মশালার বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে। এই ধরনের কর্মশালা আগামী দিনে অন্যান্য প্রত্যন্ত গ্রামে আয়োজন করার পরিকল্পনা আছে চালচিত্রর সদস্যদের।”  

ঝাড়খণ্ডের হাজারিবাগের সোহরাই চিত্রকর্মের কর্মশালার প্রশিক্ষণে প্রখ্যাত শিল্পী সাজোয়া দেবী, খোয়াবগাঁতে (কনেডোবা)

প্রসঙ্গত, শহর-গ্রাম নির্বিশেষে দেওয়ালে দেওয়ালে রাজনৈতিক স্লোগান, ভোটপ্রচার, বিজ্ঞাপন যখন প্রায় দৃশ্যদূষণের পর্যায়ে পৌঁছেছে, খোয়াবগাঁর রঙিন, শিল্পকর্মে ভরাট দেওয়ালগুলো দুদণ্ড চোখের আরাম, মনের শান্তি পাওয়ার সুযোগ করে দিয়েছে। মৃণালবাবুর আর্জি, এই প্রকল্পের পাশে দাঁড়ান আরও মানুষ। কোনো সরকারি বা বেসরকারি সাহায্য ছাড়াই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। যাঁরা এই প্রকল্পে চালচিত্র অ্যাকাডেমিকে সহায়তা করতে ইচ্ছুক, তাঁরা +৯১ ৯৪৩৩২৪৫৫৭৪ নম্বরে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন মৃণাল মণ্ডলের সঙ্গে।

Developed by DXDasia