
২৮তম বছরে পদার্পণ করলো KIFF
প্রদীপজ্জ্বোলনের মধ্যে দিয়ে শুরু হল অনুষ্ঠান, মঞ্চে রয়েছেন বিশিষ্টরা
আজ বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুভ উদ্বোধন হয়ে গেল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (28th Kolkata International Film Festival)। এবছর এপ্রিল মাসেই অনুষ্ঠিত হয়েছিল ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মাঝে খুব কম সময়ের ব্যবধানেই তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং KIFF কমিটি ২৮তম সংস্করণের আয়োজন করেছে। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বলিউড শাহেনশাহ্ অমিতাভ বচ্চন প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের সূচনা করলেন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন শাহরুখ খান, জয়া বচ্চন, রানি মুখার্জি, সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিজিৎ সিং, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, কুমার শানু-সহ বিশিষ্টজনেরা। প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন বর্তমান রাজ্যপাল ড. সিভি আনন্দ বোস। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্পিকার বিমান ব্যানার্জি এবং KIFF চেয়ারম্যান রাজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন টলিউডের শিল্পী ও কলাকুশলীরা।

শাহরুখ খানকে স্মারক প্রদান করছেন শুভশ্রী গাঙ্গুলি
ডোনা গাঙ্গুলি এবং তাঁর দলের নৃত্যশিল্পীদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল এদিনের উদ্বোধনী উৎসব। এদিন মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, “বাংলা থেকে আমরা আওয়াজ তুলব, ভারতরত্ন অমিতাভ বচ্চনজি। তিনি যা বলেছেন, সেটা আমরা কেউ বলতে পারব না। শাহরুখ, অমিতাভজি ছাড়া এই অনুষ্ঠান সফল হতে পারে না। তাঁরা এসেছেন বলেই এই আয়োজন সফল হয়েছে।” তিনি আরও বলেন, “মনে রাখবেন, বাংলা সবসময় লড়াই করে… বাংলা লড়াই করে মানবিকতার জন্য, বাংলা লড়াই করে একতার জন্য, বাংলার লড়াই করে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জন্য, বাংলা লড়াই করে সাহস দিয়ে, সংহতির জন্য। এ লড়াই থাকবে। লড়াই চলবে।”
এবছর অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন। সেই উপলক্ষে এপর্যন্ত তাঁর অভিনয় যাত্রাকে শ্রদ্ধা জানাচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার শুরুতেই পরিস্কার বাংলায় বলেন, “গত তিনবছর বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারিনি এই চলচ্চিত্র উৎসবে। আজ আসতে পেরে খুব ভালো লাগছে।”
নিজের বক্তব্য রাখার সময় শাহরুখ খান বলেন, “কলকাতায় এসে খুব ভালো লাগছে। সিনেমা মানুষের সঙ্গে কানেক্ট করার সবথেকে বড়ো মিডিয়াম। ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করে সিনেমা। কলকাতা যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” উল্লেখ্য, শাহরুখ খান বক্তব্যের অধিকাংশই বাংলায় বলেন।
রানি মুখার্জি বলেন, “সিনেমা নিয়ে মানুষের এই উৎসাহ, এই উদ্দীপনা একমাত্র কলকাতেই আছে। কলকাতার প্রতি আমার টান থাকবে আজীবন। এ কথা অনস্বীকার্য যে, কলকাতা বহু নতুন পরিচালক, অভিনেতা-অভিনেত্রীর জন্ম দিয়েছে।”
অন্যান্য বছরের মতো সেরা ছবিগুলিকে দেওয়া হবে রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি, হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি, নেটপ্যাক অ্যাওয়ার্ড-সহ আরও নানান পুরস্কার। এমন মাপের চলচ্চিত্র উৎসব সারা ভারতে বিরল। KIFF-এর পুরস্কার মূল্যও সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি।

অমিতাভ বচ্চনকে উত্তরীয় পরাচ্ছেন দীপক অধিকারী (দেব)
তবে এবছর থাকছে না কোনো ফোকাস কান্ট্রি। পরিচালক সুধীর মিশ্রকে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা (Satyajit Memorial Lecture) দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যেটি অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর, বিকেল ৪টেয়, শিশির মঞ্চে। চলচ্চিত্র গবেষকদের জন্য কিছু মাস্টার ক্লাস সেশনের আয়োজন করা হচ্ছে বাংলা আকাদেমি সভাঘরে দুপুর ২টো থেকে, যেগুলি পরিচালনা করবেন পরিচালক শাজি এম করুন, চিত্রগ্রাহক সুদীপ চ্যাটার্জি, পরিচালক অতনু ঘোষ, অভিনেতা সোহিনী সেনগুপ্ত এবং অভিনেতা নীরজ কবি। ১৭-২১ ডিসেম্বর সন্ধে ৬টায় একতারা মঞ্চে চলবে সিনে আড্ডা।

উৎসবের ব্রশিওর প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা শাহরুখ খান
KIFF-এর ২৮তম সংস্করণের স্লোগান হচ্ছে ‘মিট দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য ওয়ার্ল্ড অফ সিনেমা’ (Meet the World at the World of Cinema)। স্লোগানকে আরও স্মরণীয় করতে নন্দন চত্বর ও নজরুল তীর্থে প্রদর্শিত হবে জঁ লুক গোদারের (Jean-Luc Godard) নানান অবিস্মরণীয় কাজ। এছাড়াও শতবর্ষের শ্রদ্ধা জানাতে বিভিন্ন মঞ্চে প্রদর্শিত হবে দিলীপ কুমার, ভারতী দেবী, হৃষিকেশ মুখার্জি, অসিত সেন, অ্যালাইন রেসনাইস, পাওলো পাসোলিনি, মাইকেল ক্যাকোয়ানিস এবং কে আসিফের মতো কিংবদন্তিদের নানান কালজয়ী সিনেমা।
এছাড়াও শ্রদ্ধা জানানো হবে এবছর প্রয়াত পরিচালক তরুণ মজুমদার, অভিনেতা প্রদীপ মুখার্জি এবং সন্তুর উস্তাদ পণ্ডিত শিবকুমার শর্মা-কে। এই বিভাগের অন্যতম একটি অংশ হল ‘দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে’-এর অভিনেত্রী অ্যাঞ্জেলা ল্যান্সবারি, যিনি এ বছর অক্টোবরে প্রয়াত হয়েছেন। হলিউড সিনেমার স্বর্ণযুগের শেষ কয়েকজন তারকাদের অন্যতম ছিলেন অ্যাঞ্জেলা। অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন উপলক্ষে গগনেব্দ্র প্রদর্শশালা ও নজরুল তীর্থে চলবে এই জীবন্ত কিংবদন্তিকে নিয়ে একটি বিশেষ প্রদর্শনী।
ভারত-সহ এবছর চলচ্চিত্র উৎসবে থাকছে ইরান, রোমানিয়া, সিরিয়া, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, কাজাকিস্তান, রাশিয়া, সাউথ কোরিয়া, স্পেন, ফিলিপিন্স, কোস্টারিকা, মরক্কো, পর্তুগাল, পাকিস্তান, স্লোভাকিয়া, চিলি, সুডেন, ব্রাজিল, ইউক্রেন, বেলজিয়াম, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, কানাডা, জাপান, আমেরিকা যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশ থেকে অসামান্য সব ছবি।
