
ইছামতীর ধারে ঐতিহাসিক শহর
ইছামতী নদীর ধারে ঐতিহাসিক শহর টাকি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার এই ডেস্টিনেশনে সহজেই ঘুরে আসতে পারেন উইকএন্ডে। দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে মুক্তির স্বাদ পাবেন। একের পর এক জমিদার বাড়ি – প্রত্যেকটিই দেখার মতো। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পারিবারিক বাসভবন ‘আদি বাড়ি’। ‘জমিদারদের শহর’ নামেও টাকি পরিচিত।
টাকি জমিদারবাড়ি
বহু রকমের আকর্ষণ হাতছানি দেয় টাকিতে। মায়াবী প্রকৃতি, ইকো-ট্যুরিস্ট পার্ক, বাগান বাড়ি, মন্দির, নদীতে নৌকোবিহার – আরও কত কী! ইছামতী নদীর বুকে নৌকো চড়তে একদমই ভুলবেন না। প্রতিবেশী বাংলাদেশের মানুষদের সঙ্গে মেলামেশার রোমাঞ্চকর সুযোগ মিলবে।
মাছরাঙা দ্বীপ
আরেকটি স্বল্প পরিচিত গন্তব্য ‘মাছরাঙা দ্বীপ’। বঙ্গোপসাগরের বুকে ১২৯ একর স্থলভূমি। পিকনিক করার দারুণ উপযোগী। ফেরি ঘাট থেকে লঞ্চে করে পৌঁছনো যায়। দিগন্ত বিস্তৃত সবুজের ওপর হাঁটলেই মন ভালো হয়ে যাবে। প্রচুর পাখির আনাগোনা। ফটোগ্রাফারদের স্বর্গরাজ্য। ভ্যান রিক্সা করে চলে যেতে পারেন গোলপাতার জঙ্গলে। ছায়া ঢাকা বনের পথে সফর এক অনন্য অভিজ্ঞতা।
জোড়া শিব মন্দির
টাকিতে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন। ধর্মপ্রাণ লোকেরা পুজো দিতে যান তিনশো বছরের পুরোনো জোড়া শিব মন্দির এবং কুলেশ্বরী কালী মন্দিরে। প্রাচীনতম রামকৃষ্ণ মিশন, আড়াইশো বছরের পুরোনো সরকারি হাইস্কুল ছাড়াও দেখতে পারেন জমিদারদের স্মৃতি বিজড়িত একের পর এক বাগান বাড়ি। গ্রামীণ পরিবেশে নিরিবিলি সময় কাটানোর জন্য প্রাসাদোপম এইসব বাড়ি তৈরি করা হয়েছিল।
কুলেশ্বরী কালী মন্দির
ভোজন রসিকরা পাবেন সুস্বাদু নানা খাবার। ইছামতীর ধারে জনবসতি বাড়ার সঙ্গে সঙ্গে ইলিশ, রুই, চিংড়ি, পারশে, পাবদা – লোভনীয় সব মাছের পদ জনপ্রিয় হয়ে ওঠে। মিষ্টির জন্যও টাকি বিখ্যাত। বিশেষ করে পাটালি গুড় এবং ছানা মালপোয়া অবশ্যই চেখে দেখবেন।
আরও পড়ুন: হুগলি নদীর ধারে ব্রিটিশ যুগের স্মৃতি
কলকাতা থেকে টাকি মোটামুটি ৮০ কিলোমিটার দূরে। বছরের যে কোনও সময়ে ঘুরতে যেতে পারেন। তবে শীতকালে মজা সবচেয়ে বেশি। পাটালি গুড় তৈরি হয় তখন। দুর্গাপুজোর সময় গেলেও ভালো হয়। ইছামতীর দুই পাড়ের বাসিন্দারা প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে একত্রিত হন। সেই দৃশ্য একবার দেখলে সারা জীবনেও ভুলবেন না।
ইছামতী নদী
রাত কাটানোর জন্য টাকিতে অনেক বেসরকারি গেস্ট হাউজ রয়েছে। ট্যুরিস্ট লজের মধ্যে সোনার বাংলা অন্যতম। প্রকৃতির কোলে তার অবস্থান। ঘরে বসেই শুনতে পাবেন ইছামতীর কলকল শব্দ।
বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন
West Bengal Tourism Development Corporation Ltd.
Udayachal Tourist Lodge
DG Block (1st floor), Sec II, Salt Lake, Kolkata – 700091
Phone: 033 2358 5189
Email: visitwestbengal@yahoo.co.in, mdwbtdc@gmail.com, dgmrwbtdc@gmail.com
Website: https://www.wbtdcl.com/
