
স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
সুন্দরবনে ‘নেচার এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সোসাইটি’ (NEWS)-র তৈরি ‘সাসটেইনেবল অ্যাকোয়াকালচার ইন ম্যানগ্রোভ ইকোসিস্টেম’ (SAIME) মডেলকে বিশ্বব্যাপী প্রযুক্তিগত স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)। গত ১৫ অক্টোবর, ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম-এর সদর দপ্তরে অনুষ্ঠিত FAO-এর ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বেসরকারি সংস্থাটিকে এই স্বীকৃতি প্রদান করা হয়।
বিশেষজ্ঞদের মতে, টেকসই জলজ চাষ এই সময়ে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে; ব্যাপক হারে চিংড়ি চাষ সুন্দরবনকে বিকল্প রাস্তা দেখাচ্ছে।
সুন্দরবনে SAIME-এর উদ্যোগটি বাস্তুতন্ত্র-ভিত্তিক, জলবায়ু-অভিযোজিত এবং সংরক্ষণ-সম্পর্কিত জীবিকা পদ্ধতির উদাহরণ, যা জলজ পুকুরে ৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ম্যানগ্রোভে পরিবৃত। বিগত কয়েক বছরে ৪২ জন মাছচাষির ২৯.৮৪ হেক্টর খামারে মডেলটি বাস্তবায়িত হয়েছে। উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাসের কারণে কৃষকদের বার্ষিক গড় মুনাফা একশো শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
উত্তর ২৪ পরগনার চৈতাল এবং দক্ষিণ ২৪ পরগনার মাধবপুরে টেকসই জলজ চাষ-অনুশীলনকারী কৃষকরা ব্ল্যাক টাইগার চিংড়ি (পেনিয়াস মনোডন) মনোকালচারের জন্য ম্যানগ্রোভ লিটার ব্যবহার করেন। SAIME-এর অধীনে, কৃষকরা জলবায়ু পরিবর্তনের কারণে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রেক্ষাপটে ম্যানগ্রোভ সংরক্ষণ এবং জলজ চাষ-ভিত্তিক জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষা করবে, এরকম জলজ চাষ পদ্ধতি গ্রহণ করেন।
NEWS-এর যুগ্ম-সচিব সংবাদমাধ্যমে বলেন, জলবায়ু-অভিযোজিত এই মডেলটি উপকূলীয় স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে টেকসই জীবিকা নির্বাহে সাহায্য করছে। রাসায়নিকমুক্ত চিংড়ি চাষে চাষিদের উৎসাহিত করছে। বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রেক্ষাপটে কার্বন সংরক্ষণ এবং জলবায়ু কর্মকাণ্ডে সাহায্য করছে। বিশেষজ্ঞদের মতে, সুন্দরববনের টেকসই জলজ চাষ মডেল এই সময়ে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে; ব্যাপক হারে চিংড়ি চাষ সুন্দরবনকে বিকল্প রাস্তা দেখাচ্ছে।
