সোনার মতো গল্প, উৎপল দত্ত, পর্ব ১
সোনার মতো গল্প (প্রসঙ্গ- উৎপল দত্ত) পর্ব-১
‘সোনার মতো গল্প’-এর বিগত পাঁচটি পর্বে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন মহানায়ক উত্তম কুমার। এই পর্বে বিশিষ্ট অভিনেতা-উপস্থাপক বিপ্লব দাশগুপ্ত আলোচনা করেছেন উৎপল দত্তকে নিয়ে, যাঁকে বলা যায় ‘থিয়েটারের বিশ্বকর্মা’, পারফর্মিং আর্টস-এ যিনি নিজেই নিজের তুলনা। উৎপল দত্ত মনে করতেন, নাটক হল রাজনৈতিক প্রোপাগান্ডার হাতিয়ার। যেহেতু আমাদের দেশে বেশিরভাগ মানুষ পড়তে পারেন না, তাঁদের সাথে সেতুবন্ধন করার একমাত্র উপায় হচ্ছে নাটক, তাঁরা হয়তো পড়তে পারেন না কিন্তু সংলাপ বুঝতে তাঁদের অসুবিধা হয় না। এবং তাঁদেরকে সংলাপ বোঝাতে গেলে যে ভাষাটা ব্যবহার করতে হবে, যে ‘ইডিয়ম’ ব্যবহার করতে হবে তার মধ্যে রসবোধ অন্যতম একটি উপাদান। উৎপল দত্ত তাঁর প্রত্যেকটা নাটকে নিপুণভাবে তাঁর সপ্রতিভ রসবোধের উপস্থিতি রাখতেন; এ ব্যাপারে চার্লি চ্যাপলিনের সঙ্গে তাঁর ভীষণ মিল পাওয়া যায়, তাঁরা দু’জনই সিরিয়াস ট্র্যাজেডি’র কথা সাবলীল-সহজ রসবোধে বলতে পারতেন। যেমন-
‘কল্লোল’ নাটকে উৎপল একটা ছোট্ট ভূমিকায় অভিনয় করতেন। নাটকের দৃশ্যে উনি মঞ্চে ঢুকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলতেন, ‘নামগুলো পড়ো…নামগুলো পড়ো’। নামগুলো পড়া হত…
-বিতান মুখার্জি।
-বিতান মুখার্জি ইজ আ ব্লাডি কমিউনিস্ট, অ্যারেস্ট হিম। (উৎপল দত্ত)
-সুজন পাল।
-সুজন পাল ইজ আ কমিউনিস্ট, অ্যারেস্ট হিম। (উৎপল দত্ত)
-বিনতি সাহা।
-বিনতি সাহা ইজ নট আ কমিউনিস্ট, ডোন্ট অ্যারেস্ট হার। (উৎপল দত্ত)
-মনীষ ঘোষ।
-মনীষ ঘোষ ইজ আ ব্লাডি কমিউনিস্ট, অ্যারেস্ট হিম। (উৎপল দত্ত)
-আচ্ছা, মনীষ ঘোষ তো আমাদের সঙ্গে কাল এনকাউন্টারে মারা গেছে!
-মারা গেছে, ও আচ্ছা! তাহলে, ডোন্ট অ্যারেস্ট হিম। (উৎপল দত্ত)
কল্লোল নাটকের এই সংলাপের মধ্যে দিয়েই বোঝা যায়, খুব গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট তিনি বুদ্ধিদীপ্ত রসবোধে মানুষের অবচেতনে ঢুকিয়ে দিতে পারতেন। এরকম আরো টুকরো টুকরো গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে ‘সোনার মতো গল্প’ প্রসঙ্গ- উৎপল দত্ত, পর্ব-১ এ। দেখুন ডিভিওতে।
