মেলবোর্নের চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ঋত্বিক ঘটকের দুটি ছবির রেস্টোর্ড সংস্করণ

ঋত্বিক ঘটক শতবর্ষ উদযাপন

লতি বছরে, চলচ্চিত্র-মায়েস্ত্রো ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে তাঁকে ঘিরে চলছে নানা আয়োজন। ১৪ অগাস্ট থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (Indian Film Festival of Melbourne)-এও দেখানো হবে তাঁর পরিচালিত দুটি কালজয়ী সিনেমা। এছাড়াও এবারে দুই বাংলার বেশ কয়েকটি বাংলা ছবি প্রদর্শিত হবে এই চলচ্চিত্র উৎসবে। সমসাময়িক ও ক্লাসিক – দু-ধরনের ছবিই রয়েছে প্রদর্শনীর তালিকায়।

‘মেঘে ঢাকা তারা’, বলা হয়, ঋত্বিক ঘটকের একটি ছবিই নাকি বাণিজ্যিক ভাবে সফল হয়েছিল। বিশিষ্ট ও সাধারণ দুই শ্রেণির দর্শকেরই মন জয় করে ১৯৬০-এ মুক্তিপ্রাপ্ত এই ছবি। সিনেবোদ্ধারা এই ছবিকে চলচ্চিত্রের এক অথেন্টিক মাস্টারপিস হিসেবে গণ্য করেন। অন্যদিকে, ঋত্বিক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ ছবিটি যেন তাঁর আখ্যানের নদী যা এক সময় ফুরিয়ে যাবে, যার বালুচরে থেকে যাবে ইতিহাসের চূর্ণ-বিচূর্ণ ছেঁড়া ছবি ও কথন। ফেলে আসা মাতৃভূমি নির্মাণ করবেন কী করে? কী সূত্রে আবার যোগস্থাপন করবেন সেই আত্মার সঙ্গে? তিতাস দেখে বারবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। মেলবোর্নের চলচ্চিত্র উৎসবের রেস্টোর্ড ক্লাসিকস বিভাগে দেখানো হচ্ছে ঋত্বিক ঘটকের এই দুটি ছবিই। উৎসব কমিটির তরফে দুটি ছবিরই রেস্টোর্ড সংস্করণ দেখানো হবে।

 

এছাড়াও যে যে বাংলা প্রদর্শিত হবে সেগুলির মধ্যে আছে পরিচালক সুমন ঘোষের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পুরাতন’। প্রধান চরিত্রে রয়েছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত প্রমুখ। তালিকায় রয়েছে প্রমিতা ভৌমিকের ছবি ‘অহনা’। অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, সেঁজুতি রায় মুখোপাধ্যায় প্রমুখ। প্রদর্শিত হবে পরিচালক তনুশ্রী দাস ও সৌমানন্দ সাহির ‘বাক্স বন্দি’। এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন কান পুরস্কার বিজয়ী বঙ্গকন্যা তিলোত্তমা সোম। এছাড়াও রয়েছেন চন্দন বিশত, সায়ন কর্মকার, সুমন সাহা। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন চলবে ২৪ অগাস্ট পর্যন্ত। বাংলা ছবি ছাড়াও প্রদর্শনীর তালিকায় দর্শকদের নজর আছে যে ছবিগুলির ওপর, তার মধ্যে রয়েছে কোকোব গেব্রেহাওয়েরিয়া পরিচালিত ‘আ ডল মেড আপ অফ ক্লে ফ্রম ইওরুবা’, একটি ক্রস কালচারাল শর্ট ফিল্ম এবং রাজিদ সিজনের পরিচালনায় আমেরিকার ছবি ‘এলিজা’। 
 

Developed by DXDasia