অক্সিজেন ছাড়াই ধৌলাগিরি জয় – প্রথম ভারতীয় হিসেবে রেকর্ড বাংলার মেয়ে পিয়ালীর

পিয়ালী ছাড়াও এই অভিযানে ছিলেন আরও দুই ভারতীয় এবং চার শেরপা

শুক্রবার সকালেই অতিরিক্ত অক্সিজেনের সিলিন্ডার ছাড়াই পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি (৮১৬৭ মিটার) জয় করে ফেললেন হুগলির চন্দননগরের মেয়ে পিয়ালী বসাক। প্রথম ভারতীয় মহিলা তো বটেই, প্রথম ভারতীয় নাগরিক হিসেবেও রেকর্ড তৈরি করেছেন বাঙালি এই পর্বতারোহী! সাধারণত আট হাজার মিটার উচ্চতায় উঠতে গেলে অক্সিজেনের সাহায্য লাগে। পিয়ালী ছাড়াও এই অভিযানে ছিলেন আরও দুই ভারতীয় এবং চার শেরপা। কিন্তু পিয়ালী এই অভিযান শেষ করেন কোনও রকম অক্সিজেনের সাহায্য ছাড়াই।

ছোটবেলা থেকেই পাহাড়ের নেশা ছিল পিয়ালীর। বাবা-মায়ের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়ে সেখান থেকেই পাহাড়-পর্বতের প্রতি ভাল লাগা শুরু। সপ্তম শ্রেণিতে পড়ার সময় রক ক্লাইম্বিং কোর্স করেন। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নেন। তার পর থেকেই অভিযানে বেরোনো শুরু।

চন্দননগরের কানাইলাল স্কুলে শিক্ষকতা করেন পিয়ালী। গত ৫ সেপ্টেম্বর চন্দননগর থেকে মিথিলা এক্সপ্রেসে রক্সৌল পৌঁছন পিয়ালী। সেখান থেকে নেপালে। ওখানে বাকি সদস্যদের সঙ্গে ধৌলাগিরি শৃঙ্গ অভিযানে বেরোন। এর আগে প্রথম অসামরিক ভারতীয় মহিলা হিসেবে ২০১৮-তে মানাসুলু শৃঙ্গ জয় করেছেন পিয়ালী। তবে মাউন্ট এভারেস্টের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছিল তাঁকে। অবশেষে শুধু সাফল্যই নয়, এই অভিযানে তিনি এক ভারতীয় তো বটেই, বাঙালি হিসেবেও অনন্য নজির গড়লেন। ঘরের মেয়ের অনন্য নজির এবং সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। তাঁর এই সাফল্যে সহকর্মী থেকে শুভাকাঙ্ক্ষীরা সকলেই খুশি।

পর্বতারোহী অভিষেক তুঙ্গ-এর কথায়, “আগামী দিনে আটহাজারী শৃঙ্গর জন্য ভারতীয়দের কাছে তথা বাঙালিদের কাছে নতুন দিগন্ত খুলে দিল পিয়ালীদি। ধৌলাগিরি পর্বত এখনো অব্দি প্রায় ৫০০ জন সামিট করেছে, যার মধ্যে দুই তৃতীয়াংশ অতিরিক্ত অক্সিজেন ছাড়া হয়েছে। অতিরিক্ত অক্সিজেন ছাড়া সমস্ত আটহাজারীই অত্যন্ত কঠিন শৃঙ্গ, যে কারণে অনেক পর্বতারোহীই অক্সিজেনকে ড্রাগ বলে মনে করে থাকে। Many Many congratulations Piyali Basak,  সুস্থ সবল ভাবে ফিরে আসার অপেক্ষায় রয়েছি আমরা সকলেই।”

পিয়ালীর নিজের জবানিতেই গায়ে কাঁটা দেওয়া মাউন্ট মানাসলুর শিখর ছোঁয়ার অভিজ্ঞতা পড়েছেন বঙ্গদর্শনের পাঠকরাও। আরও একবার রইল তাঁর লেখা ধারাবাহিক নিবন্ধের লিংকগুলি-

মানাসলুর চুড়ো থেকে—প্রথম পর্ব

https://bongodorshon.com/from-mt-manaslu-peak-the-first-episode/

মানাসলুর চুড়ো থেকে—দ্বিতীয় পর্ব

https://bongodorshon.com/manaslu-peak-2/

মানাসলুর চুড়ো থেকে—শেষ পর্ব

https://bongodorshon.com/manaslu-peak-3/

 

 

Developed by DXDasia