
রবি ও সোম দুদিনেই রাজ্যের বিভিন্ন পিকনিক স্পটগুলোতেই বাড়বে মানুষের ভিড়
শীত পড়তেই শুরু হয়েছে ভ্রমণের মরশুম। লংজার্নির সঙ্গে চলছে পিকনিকের প্রস্তুতিও। এরই মধ্যে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি। তাই রবি ও সোম দুদিনেই রাজ্যের বিভিন্ন পিকনিক স্পটগুলোতেই বাড়বে মানুষের ভিড়। তাই পিকনিকের মরশুমে উত্তরবঙ্গে দুটি পিকনিক স্পটের কথা রইল বঙ্গদর্শনের ভ্রমণে।
যারা পিকনিক হিসাবে ভালবাসেন জঙ্গল বা ফরেস্ট, তাঁরা যেতে পারেন উত্তরবঙ্গের শিলিগুড়ি শহর লাগোয়া জলপাইগুড়ি জেলার বৈকুন্ঠপুর ফরেস্ট এবং শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস লাগোয়া সারুগারা রেঞ্জের অধীন খোলাচাঁদফাপরি। এই সব ফরেস্ট পিকনিক স্পষ্টগুলি সুরক্ষার দায়িত্বে আছে বন সুরক্ষা কমিটি। খোলাচাঁদফাপরি সুরক্ষার দায়িত্বে আম্বেদকর উপসংঘ। ফরেস্টে পিকনিক যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় সেই জন্য গ্রহণ করা হচ্ছে নানা ব্যবস্থা।
শিলিগুড়ি শহরের গায়েই বৈকুন্ঠপুর ফরেস্টের দুটি পিকনিক স্পট হল ডাবগ্রাম ফরেস্ট রেঞ্জের অধীন ফারাবাড়ি নেপালি বস্তি এবং খোলাচাঁদফাপরি। দুটিই সাহু নদীর পাশে। ফরেস্টের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে সাহু নদী। চারপাশে সাল-সেগুনের সমারোহ। উন্নয়নের ছোঁয়াও রয়েছে। গতকয়েক বছরের মধ্যে দুটি স্থানেই সুন্দর পাকা রাস্তা তৈরি হয়েছে। তৈরি হয়েছে সুন্দর পাকা সেতু। সেতুগুলো সুন্দর করে রং করা হয়েছে। বনের পাশে সুন্দর খেলার মাঠও আছে। বনে বিভিন্ন পাখির ডাক আছে। আছে বানর। যদিও জঙ্গলের সেই গভীরতা নেই। তবুও শহরের মানুষ সারা বছরের একটানা ক্লান্তি কাটাতে একটা দিন জঙ্গলেই বনভোজন করতে ভালোবাসেন।
আরও পড়ুন
চলুন যাই লামাহাট্টা
এখানে গাড়ি পার্কিং-এর জন্য টাকা দিতে হবে। মোটরসাইকেল, চারচাকার ছোটযান, মিনিবাস, লরির পার্কিং-এর জন্য ধার্য করা হয়েছে ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকা। বনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পিকনিক দলগুলিকে কিনতে হবে বন সুরক্ষা দপ্তরের থেকে শালপাতার থালা, মাটির গ্লাস। বনের মধ্যে ধূমপান বা মদ্যপান চলবে না। শাল পাতার থালার জন্য একেকটি তিন টাকা ও মাটির গ্লাস পাঁচ টাকা স্থির করা হয়েছে। সবুজ পর্যটন বিকাশের লক্ষ্যেই এই সব নিয়ম করা হয়েছে বলে জানানো হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর দু’টোর মধ্যে পিকনিক করবার জন্য সকলকে প্রবেশ করতে হবে। আর বিকেল পাঁচটার মধ্যে পিকনিক করে এলাকা ছাড়তে হবে। পিকনিক পর্ব চলবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। শিশুদের জন্য আছে দোলনা, খেলনার বিভিন্ন উপকরণ।
