করোনা কালে ১ টাকায় ভাত, ডাল, তরকারি, পাঁপড়, চাটনি আর শেষপাতে মিষ্টি

মানুষের পাশে দাঁড়াতে আগেই ৫ টাকায় ডিম-ভাত খাওয়ানোর প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার

ভয়ঙ্কর করোনা পরিস্থিতি যখন আর্থিক বিপর্যয় ডেকে এনেছে, সেই সময় মানুষের পাশে দাঁড়াতে ৫ টাকায় ডিম-ভাত খাওয়ানোর প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার ১ টাকায় মধ্যাহ্নভোজনের বন্দোবস্ত করল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের থানাপাড়ার এক কালী মন্দির ট্রাস্ট।

গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই জন আহারের ব্যবস্থা। প্রতিদিন সকাল থেকেই হেঁশেলে কোমর বেঁধে নেমে পড়েছেন উদ্যোক্তারা। তাঁদের তরফে জানানো হয়েছে, এই আয়োজন শুধু দুপুরের জন্যই। ১ টাকায় মিলছে ভাত, ডাল, রুটি, তরকারি, পাঁপড়, চাটনি আর শেষপাতে মিষ্টি।

খাবার সংগ্রহ করতে হচ্ছে কুপনের মাধ্যমে। প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২০০টি কুপন দেওয়া হচ্ছে। এরপর সেই কুপন দেখিয়েই যে যার মতো দুপুরের খাবার সংগ্রহ করে নিতে পারছেন।সামশেরগঞ্জ থানাপাড়া কালী মন্দির ট্রাস্টের উদ্যোক্তারা ১ টাকা নিচ্ছেন কারণ কারো যেন মনে না হয় দান নিচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, খাবার নষ্ট করার সুযোগ থাকছে না। যতজন কুপন কিনছেন, ততোটাই খাবার রান্না হচ্ছে। এই উদ্যোগে খুশি সামশেরগঞ্জের বাসিন্দারা। বাসিন্দাদের কথায়- খুব ভাল খাবার দেওয়া হচ্ছে। এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও।

করোনার দ্বিতীয় ঢেউয়ের এই কঠিন সময়ের মধ্যেও এভাবেই রাজ্যজুড়ে নজির রাখছে মানবিক উদ্যোগ।

 

Developed by DXDasia