কলকাতায় নিউ নর্মাল চলচ্চিত্র উৎসব, প্রস্তুতি তুঙ্গে

দেখুন প্রস্তুতির এক্সক্লুসিভ ছবি

আগামীকাল থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রত্যেক বছর জমকালো এই উৎসবকে ঘিরে আনন্দে মেতে ওঠেন সিনেপ্রেমীরা। তবে পরিস্থিতি এবার ভিন্ন। করোনার থাবা সারা পৃথিবীর জনজীবন পালটে দিয়েছে। আতঙ্ক কাটিয়ে এখন ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে মানুষ। দেরি সত্ত্বেও তাই চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে। আদতে এটি ২০২০ সালের নির্ধারিত উৎসব।

অতিমারির কারণে ২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে কঠোরভাবে। প্রস্তুতি চলছে জোরকদমে। ঢেলে সাজানো হয়েছে নন্দন চত্বর। শোভা পাচ্ছে বাংলা ও বিশ্ব সিনেমার নানা দৃশ্য। তাতেও রয়েছে চমক। চোখ পড়লেই মন ভরে যায়। সেরা সিনেমাগুলি দেখার জন্য উৎসুক হয়ে ওঠে। নন্দনের একতলা এবং দোতলার সজ্জা টেক্কা দেবে যে কোনো রাজকীয় হোটেলকে। নিউ নর্ম্যাল চলচ্চিত্র উৎসবকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার অন্ত নেই। 

এবারের উৎসবে দেখানো হবে ৪৫টি দেশের ১৩২টি ছবি। ১১৭০টি ছবির থেকে এগুলি বেছে নেওয়া হয়েছে। টিকিট পাওয়া যাবে অনলাইনে। নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন-সহ ৬টি প্রেক্ষাগৃহে সিনেমা দেখানো হবে। মোট আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন। এবারের চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি ইতালি। 

এখন সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ চলছে।  গত নভেম্বরে প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ভারতীয় সিনেমার এই দুই মহীরুহকে শ্রদ্ধা জানিয়ে উৎসব শুরু হবে। ৭ দিনের উৎসবে অন্যতম আকর্ষণ ফেদেরিকো ফেলিনির একগুচ্ছ ছবির প্যাকেজ। গত বছর তাঁর জন্মশতবর্ষ ছিল। প্যাকেজের থাকবে ‘দ্য ট্রুথ অ্যাবাউট লা দলচে ভিটা’ নামের সেমি-ফিকশনাল ছবি। ফেলিনির মৃত্যুর পর ২০২০ সালে ছবিটি নির্মাণ করেন প্রযোজক গাইয়া গোভিনি। উৎসব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। 

নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নয়, শুক্রবার ৮ জানুয়ারি বিকেল ৪টেয় নবান্ন থেকে উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে সামিল হবেন বলিউড বাদশা তথা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান। তিনি ছাড়াও বলিউড এবং টালিগঞ্জের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সশরীরে নয়, অতিথিরা হাজির থাকবেন ভার্চুয়ালি।  

করোনা আবহে এক নতুন ধরনের চলচ্চিত্র উৎসবের সাক্ষী হতে চলেছে মহানগর।
 

Developed by DXDasia