মাস্ক-সচেতনতা বাড়াতে এটিএমের আদলে কিয়স্ক বসল শ্রীরামপুর বটতলায়

কিয়স্কের নামকরণ করা হয়েছে ‘অল টাইম মাস্ক’

কোভিডের বিরুদ্ধে যুদ্ধে মাস্ক বড়ো ঢাল। যেখানে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন উদ্যোগে বারবার নাগরিকদের মাস্ক পরা নিয়ে সচেতন হতে বলছেন, প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে, সেখানে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতেও মাস্ক পরতে অনেকের অনিহা দেখা যাচ্ছে। ধরা পড়লেই তাদেরকে বলতে শোনা যাচ্ছে, ‘ভুল করে বাড়িতে ফেলে এসেছি’ অথবা ‘দম বন্ধ লাগে’।  আবার অনেকেই আছেন, যাঁরা কয়েক ধাপ এগিয়ে জোর গলায় বলেন, ‘আমি মাস্ক পরবো কি না সেটা আমার ব্যক্তিগত বিষয়’। এই ধরণের মাস্ক-ছুট নাগরিকদের সচেতনতা বাড়াতে এবং করোনা পরিস্থিতি মোকাবিলা করতে বিনা পয়সায় মাস্কের ব্যবস্থা করলেন শ্রীরামপুরের বটতলার ব্যবসায়ীরা। 

শনিবার তাঁরা একটি কিয়স্ক বসিয়েছেন। এটিএমের আদলে তৈরি এই কিয়স্কের নাম ‘অল টাইম মাস্ক’। এই মেশিন থেকে মাস্ক সংগ্রহ করা যাবে বিনামূল্যে। এই মেশিন ব্যবহার করেই পথচলতি মানুষ মাস্ক নিতে পারবেন। রাখা থাকছে সাবান ও স্যানিটাইজার। হাত ধোয়ারও ব্যবস্থা করা হয়েছে। যাঁরা কেনাকাটা করতে আসছেন, তাঁদের অনেকেই এই কিয়স্ক ব্যবহার করে মাস্ক সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।

এটিএম-এর আদলে মাস্ক কিয়স্ক তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যবসায়ী সমিতির এক সদস্যের কথায়, মাস্ক ছাড়া কোভিড অতিমারির সঙ্গে লড়াই করা যাবে না। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। এতে সাধারণ মানুষের সুবিধাই হচ্ছে।

Developed by DXDasia