কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লীর এবারের থিম ‘ঈশানী’। কাজ করছেন শিল্পী বিশ্বনাথ দে
সামনের সারিতে উঠে আসা বেশ কিছু পুজো আছে, যে পুজোর সঙ্গে কোনও এক শিল্পীর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। বেলেঘাটা ৩৩ নং পল্লিবাসীবৃন্দ এমনই এক পুজো, যার সঙ্গে শিল্পী শিবশঙ্কর দাসের নাম উচ্চারিত হয় এক পংক্তিতে। শেষ দুইবছর ট্যাক্সি ও সাইকেলের ইন্সটলেশন এই পুজোকে আপামর কলকাতার কাছে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। এইরকম অবস্থায় এ পুজোর দায়িত্ব আমার হাতে, আমার ঠিক নয়, আমাদের পুরো টিমের হাতে। তার সঙ্গে আবার উত্তর কলকাতায় এবারই প্রথম। তাই এ দায়িত্ব গুরুদায়িত্বও বটে।
যেখানে পুজো হচ্ছে, সেই মাঠ বা জায়গা দেখে তবেই সবকিছু পরিকল্পনা করি। প্রথমে ভৌগোলিক অবস্থান দেখে জায়গার নিয়মকানুন যতটা সম্ভব মেনে নিজের মতো কাজ করার চেষ্টা করি। একটা সময় আমি আগে দুর্গামূর্তিকে কেন্দ্র করে বিষয় বা মেটেরিয়াল নির্বাচন করতাম। যেমন এর আগে প্রদীপ দিয়ে কাজ করেছিলাম। ঠাকুরের সিংহাসন নিয়েও কাজ করেছি। এখন ওখান থেকে বেরিয়ে এসে নতুন কিছু ভাবতে চাইছি। প্রাধান্য দিতে চাইছি বিষয়কে।

যেহেতু বেলেঘাটা অঞ্চল কলকাতার ঠিক উত্তর নয়, উত্তর পূর্ব অঞ্চল। আর আমার যা কাজের ধরন, খুব বেশি আগে কিছু ভাবতে পারি না। ভাবলেও অনেক কিছু ভাবনা একসঙ্গে তালগোল পাকিয়ে যায়। তাই প্রথমেই একটা কাঠামো তৈরি করে (সেটা অবশ্য বেশ উঁচু হতে হবে) সেখান থেকে ভেঙে ভেঙে একটা আদল তৈরি করা, তারপর মূল বিষয়কে ছুঁয়ে যাওয়া। এবারও শেষ পর্যন্ত যা হল, অনেককিছুর শেষে সেই শুরুর বিজ্ঞাপনের ভাবনাতেই থমকে যাই। খোঁজ চলে ঈশানীর – দেবী ঈশানী। শুধুমাত্র মণ্ডপ নির্মাণের অনুষঙ্গকেই মণ্ডপ স্থাপত্যে প্রাধান্য দেওয়া। কোনও উপকরণকে কেন্দ্র করে স্থাপত্য নির্মাণে তার প্রাধান্য – এই ধরনটা থেকে বেরিয়ে ভাবনার মূল বিষয়কে কেন্দ্র করে ইন্সটলেশন বা বিন্যাস করতে চাইছি। যেখানে প্রাধান্য পাবে কৌণিক দূরত্ব, কৌণিক স্ট্রাকচার, জ্যামিতিক পরিমাপ আর দেবী ঈশানী।
আরও পড়ুন
‘অগ্নিশুদ্ধি’ : কলকাতার পুজো-শিল্প ১
আসলে এই ভূমির মাপ, কৌণিক দূরত্ব এগুলি আমরা স্বভাবতই পুজোর মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে প্রথম প্রাধান্য হিসাবে দেখি। তারপর সেগুলিকে সুন্দর অলংকরণ করে মুড়ে দিই। এবার ভাবছি সেই সেকেলে অলংকরণ থেকে বেরিয়ে যদি মূল বিষয়টাকে প্রাধান্য দিয়ে দেবী ঈশানীকে প্রতিষ্ঠিত করা যায়।
(মণ্ডপ নির্মাণে সাহায্য করছেন মহেশ্বর দাস। প্রতিমায় অরুণ পাল। সামগ্রিক সহযোগিতায় সুশান্ত অধিকারী। এছাড়াও শ্যাম, রজত, স্বপন, অমর এঁরাও এ নির্মাণের অংশীদার।)