মানুষের চাঁদায় মানুষের সিনেমা : শহরে কলকাতা পিপল’স ফিল্ম ফেস্টিভ্যাল

ভারত ও দক্ষিণ এশিয়ার ৩৯টি ছবি দেখানো হবে এই উৎসবে

“প্রিয়, তুমি কেমন আছো? তোমাকে খুব মনে পড়ছে। সারাদিন তোমাকে নিয়েই ভাবছি। এইভাবে কত কত দিন ফুরিয়ে যাচ্ছে। আমি ভালো আছি। এখানে যা হচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না। ক্যাম্পাসে থাকা আরও মুশকিলের হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয়, আন্দোলন করার জন্য ওরা আমাদের শাস্তি দিচ্ছে। কিন্তু এটা ছাড়া আমাদের আর কীইবা করার ছিল!…” পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের এক ছাত্রী চিঠি লিখছে তার প্রেমিককে৷ হয়তো সেই প্রেমিকের অস্তিত্ব নেই। হয়তো আছে। তবুও মেয়েটি চিঠি লিখছে অবিরত। বিশ্ববিদ্যালয় চত্বরে এবং তার আশেপাশে ও জীবনে ঘটে চলা নানান ঘটনার কথা লিখে রাখছে বিচ্ছিন্ন প্রেমিকের উদ্দেশে। মেয়েটির চিঠি ছাত্র আন্দোলন সম্পর্কে যেন গভীর এক অন্তর্দৃষ্টির সূচনা করছে। প্রশ্ন তুলছে জাত-বর্ণের। এমনই একটি বিষয়ের উপর নির্মিত পায়েল কাপাডিয়া (Payel Kapadia) পরিচালিত তথ্যচিত্র ‘এ নাইট অফ নোয়িং নাথিং’ (A Night of Knowing Nothing)। এফটিআইআই-তে চলা ছাত্র আন্দোলনের সঙ্গে ব্যক্তিজীবনের বয়ান এই কাব্যিক ছবিটির বিষয়। যা ২০২১ সালে কান ও টরেন্টো চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের পুরস্কার পায়।

এ নাইট অফ নোয়িং নাথিং/ পায়েল কাপাডিয়া

এমনই একটি গুরুত্বপূর্ণ কাজ দেখা যাবে কলকাতা পিপল’স ফিল্ম ফেস্টিভ্যালে (Kolkata People's Film Festival)। এই প্রথম কলকাতা প্রিমিয়ার হচ্ছে ‘এ নাইট অফ নোয়িং নাথিং’ তথ্যচিত্রটির। উৎসবের প্রথম দিন অর্থাৎ, ২০ জানুয়ারি সকাল ১০টায় দেখানো হবে এই ছবি। আগামী ২০ থেকে ২৩ জানুয়ারি, কলকাতার উত্তম মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে এই চলচ্চিত্র উৎসবের নবম সংস্করণ। কলকাতা শহরে যত চলচ্চিত্র উৎসব হয়, নিঃসন্দেহে পিপল’স ফিল্ম ফেস্টিভ্যাল সর্বৈবভাবে ব্যতিক্রমী। পিপল’স ফিল্ম কালেকটিভ আয়োজিত এই উৎসবের মূল সুর ‘মানুষের চাঁদায় মানুষের সিনেমা’। অর্থাৎ, কোনোরকম বাণিজ্যিক বা সরকারি সাহায্যের বাইরে কেবলমাত্র সাধারণ মানুষের দেওয়া সাহায্যে এই উৎসবটি অনুষ্ঠিত হয়। এবছর উৎসবে দেখানো হবে দক্ষিণ এশিয়ার নানান দেশ থেকে ৩৯টি কাহিনিচিত্র, তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্যের চিত্র। শ্রেণি, জাতি, লিঙ্গ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্রীয় নিপীড়নের সমস্যাকে কেন্দ্র করে নির্মিত ছবিকেই প্রাধান্য দেওয়া হয় এই উৎসবে। পিপল’স ফিল্ম কালেকটিভের (People's Film Collective) প্রতিষ্ঠাতা সদস্য কস্তুরী বসু (Kasturi Basu) বঙ্গদর্শনকে জানিয়েছেন, “যেখানে তথ্যচিত্রের দর্শক অধিকাংশ উৎসবে ক্রমক্ষীয়মান, সেখানে এই উৎসবে হল-ভর্তি দর্শক দেখে নেন দেশ-বিদেশের রাজনৈতিক তথ্যচিত্রের সম্ভার। শুধু দেখাই নয়, মতামত বিনিময় করতে পারেন পরিচালক-অভিনেতাদের সঙ্গেও। একজন মানুষের রাজনৈতিক স্বাধীনতা, পোশাক-খাবার-কথা বলার স্বাধীনতা এবং মুক্তচিন্তার চর্চা করতে নয় বছর ধরে কলকাতা পিপল’স ফিল্ম ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।”

এবারের উৎসবে ২২টি ছবি কলকাতায় প্রথমবার দেখানো হবে (প্রিমিয়ার)। উৎসব শুরু হবে পায়েল কাপাডিয়ার ‘এ নাইট অফ নোয়িং নাথিং’ প্রদর্শনের মাধ্যমে। ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে বাঙালি পরিচালক তথাগত ঘোষের স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ফুটপ্রিন্টস’ (Footprints)। অতি সাধারণ হতদরিদ্র এক মেয়ের জীবনচর্যা ফ্রেমবদ্ধ করেছেন তথাগত। ছবি প্রসঙ্গে তথাগত ঘোষ (Tathagata Ghosh) বঙ্গদর্শনকে জানাচ্ছেন, “আমরা এক কঠিন সময়ে বাস করছি। যেখানে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। মাথাচাড়া দিয়ে উঠছে পুরুষতন্ত্র। জাত, শ্রেণি, লিঙ্গ বা যৌনতার নামে বৈষম্য কীভাবে মানবতার জায়গা দখল করে নিয়েছে, তা প্রতিদিন আমাকে হতবাক করে! ‘ফুটপ্রিন্টস’ আসলে সেইসব মেয়েদের লড়াইয়ের কথা, যাঁরা সংসার-পরিবার সামলে অন্যের মুখে হাসি ফোটাচ্ছে প্রতিদিন, পাশাপাশি তারাই সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে।” ছবি প্রসঙ্গে কথা বলতে বলতে তিনি জানান, বছর তিরিশের একটি মেয়ে তাঁদের বাড়িতে একসময় পরিচারিকা হিসেবে ছিলেন। কোনো কাজে তাঁর ‘না’ ছিল না। অতি সাধারণ সেই মেয়েটির অন্য একটা দিক তথাগতকে প্রভাবিত করে। যা উপেক্ষা করা যায়নি। একইসঙ্গে এই ছবি একজন দলিত ‘সিঙ্গেল মাদার’-এর জীবনকাহিনিও তুলে ধরেছে। ২৩ মিনিটের ছবি ‘ফুটপ্রিন্টস’ দেখানো হবে ২২ জানুয়ারি দুপুর ২টোয়।

এবছর উৎসবে দেখানো হবে দক্ষিণ এশিয়ার নানান দেশ থেকে ৩৯টি কাহিনিচিত্র, তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্যের চিত্র। শ্রেণি, জাতি, লিঙ্গ, সাম্প্রদায়িকতা, রাষ্ট্রীয় নিপীড়নের সমস্যাকে কেন্দ্র করে নির্মিত ছবিকেই প্রাধান্য দেওয়া হয় এই উৎসবে।

ফুটপ্রিন্টস/ তথাগত ঘোষ

এছাড়াও প্রদর্শনের তালিকায় থাকছে :

*তালিবান দখলের পরে এক তরুণী র‍্যাপারের লড়াই নিয়ে আফগানিস্তানের কাহিনিচিত্র ‘সনম’

আফগানিস্তানের কাহিনিচিত্র ‘সনম’

*বাংলাদেশের কাহিনিচিত্র ‘ধূসরযাত্রা’। যেখানে ধরা পড়েছে অতিমারীর সময়ে সাধারণ মানুষের জীবনের যাদুবাস্তব উপ্যাখ্যান।

*নেপালের ‘দ্য রিয়ালিস্টস’-এ দর্শক দেখতে পাবেন বিশ্বকাপের শহর কাতারে নেপালি আর ভারতীয় মাইগ্রেন্ট শ্রমিকদের দৈনন্দিন লড়াই-এর রোজনামচা।

*ইরানের ছবি ‘মাহসা’। যেখানে ধরা পড়েছে ইরানের মেয়েদের সাম্প্রতিক নাছোড়বান্দা আন্দোলনের কাহিনি।

*‘আলম’, ‘হুরদাং’, ‘সব-এ-ফিরাক’, ‘ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইন্ডিয়া’-সহ একগুচ্ছ ছবিতে উঠে এসেছে সাম্প্রদায়িক শক্তির আগ্রাসনের সাম্প্রতিক চালচিত্র।

*রূপান্তরকামী মানুষদের জীবনজীবিকা ও ভালোবাসার রোজনামচা জায়গা পেয়েছে ‘ট্রান্স কাশ্মীর’, ‘হৃদয় বসত’, ‘লায়লা মঞ্জু’, ‘এক জগহ আপনি’ ছবিতে।

ট্রান্স কাশ্মীর

*নাবালিকা ও নারীপাচার চক্রের বিরুদ্ধে সংগ্রামরত ফাতিমার জীবনের জ্বলন্ত দলিল সৌরভ কান্তি দত্তর ছবি ‘ফাতিমা’

*উৎসব শেষ হবে মায়ানমারের মিলিটারি দখলদারির বিরুদ্ধে এক দল তরুণদের লড়াই নিয়ে তৈরি ছবি ‘জার্নি অফ এ বার্ড’ প্রদর্শনের মাধ্যমে। রাষ্ট্রীয় অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য এ ছবির পরিচালকরা নাম প্রকাশে অনিচ্ছুক।

পিপল’স ফিল্ম কালেকটিভ আয়োজিত এই উৎসবের মূল সুর ‘মানুষের চাঁদায় মানুষের সিনেমা’। অর্থাৎ, কোনোরকম বাণিজ্যিক বা সরকারি সাহায্যের বাইরে কেবলমাত্র সাধারণ মানুষের দেওয়া সাহায্যে এই উৎসবটি অনুষ্ঠিত হয়।

এবছর উত্তম মঞ্চ সেজে উঠবে ভারত ও দক্ষিণ এশিয়ার (India & South Asia) সমসময়ের নানান আন্দোলন, পোস্টার, ইন্সটলেশনের মাধ্যমে। পিপল’স ফিল্ম কালেকটিভের প্রতিষ্ঠাতা সদস্য কস্তুরী বসুর কথায়, “আমরা প্রতিবছর চেষ্টা করি সাম্প্রতিক সময়ে বিশ্বে যা ঘটছে, তার একটা প্রতিফলন এই উৎসবে রাখতে। কর্পোরেট প্রথায় বিশ্বাস করি না। সাধারণ মানুষ সিনেমা ভালোবেসে যা সাহায্য করেন, সেই টাকায় পুরো উৎসবটা হয়। এমনকি, বাংলা ভাষায় নির্মিত প্রতিনিধি স্থানীয় ছবিও তালিকায় রাখার চেষ্টা করি।”

এবছর কলকাতা পিপল’স ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান ভাষণ দেবেন সাংবাদিক ও সমাজকর্মী তিস্তা শেতলবাদ (Teesta Setalvad)। ২১ জানুয়ারি বিকেল ৫:১৫-তে শুরু হবে ভাষণ, যার বিষয় ‘ইন সার্চ অফ জাস্টিস ইন নিউ ইন্ডিয়া’ (In Search of Justice in New India)। উৎসব চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। হাজরা মোড়ের কাছে উত্তম মঞ্চে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা। থাকবে অন্যধারার প্রতিবাদী শিল্প-প্রদর্শনী। প্রবেশ অবাধ।

____

কলকাতা পিপল’স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এর সম্পূর্ণ তালিকার লিংক:

https://www.ourcinema.in/festival/kpff-schedule/

Developed by DXDasia