ম্যাঁও’ – বাংলায় নির্মিত প্রথম মাইক্রো সিরিজ

এই সিরিজের মূল বিষয় লকডাউন এবং তার পরবর্তী অবস্থা

বাংলায় এখন ওয়েব সিরিজ বা অনলাইন সিরিজের আলাদা একটা বাজার তৈরি হয়েছে। বিশেষ করে গতবছর থেকে লকডাউনের সময় এই ধরনের প্ল্যাটফর্মগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। এবার বাংলায় প্রথমবারের জন্য নির্মিত হল মাইক্রো সিরিজ (Micro Series) ‘ম্যাঁও’। বিদেশের বিভিন্ন জায়গায় মাইক্রো সিরিজের চাহিদা রয়েছে। কিন্তু বাংলায় মাইক্রো কাজ এই প্রথমবার। পরিচালক শৌভিক মিত্রেরও এটা প্রথম কাজ।

মহাশ্বেতা ওরফে মোমো আর সত্যজিৎ ওরফে টিনটিন। তরুণ, ঝকঝকে, প্রাণবন্ত একটি জুটি। সামান্য বিষয় নিয়ে খুঁটিনাটি লেগেই থাকে। এ আর নতুন কী! আছে, নতুন অনেক জিনিসই আছে এই সিরিজের প্লটে। মোমো যেমন ডাকাবুকো, জাঁদরেল অনেকটা হুলো বেড়ালের মতো। আর টিনটিন কিছুটা কেয়ারিং, নরম স্বভাবের; অনেকটা মেনি বেড়ালের মতো। স্বভাবে দুজনে একেবারে বিপরীতপন্থী।

 

এই মাইক্রো সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘ম্যাঁও’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মৈনাক ব্যানার্জি এবং অনিন্দিতা ভদ্র। বঙ্গদর্শন (Bongodorshon)-কে অভিনেতা মৈনাক ব্যানার্জি (Mainak Banerjee) জানিয়েছেন, “দুই প্রধান চরিত্রের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হওয়ার সময়েই লকডাউন ঘোষিত হয়। ফলে দীর্ঘদিন একটা ঘরে আটকে গিয়ে, মানসিক প্রেশারের মধ্যে যেতে যেতে সবকিছুই তলানিতে এসে ঠেকে। লকডাউনের পর নতুন উদ্যোমে আবার কাজ শুরু হয়। আমার মনে হয়, অনেক পরিবারেই এই একইরকম ছবি দেখা গেছে।”মার্চ মাসে শুটিং শেষ হয় ম্যাঁও-এর৷ কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে। মৈনাক জানিয়েছেন, ইউটিউব চ্যানেলে রিলিজ করার কথা ভাবা হচ্ছে৷ সাময়িক জটিলাবস্থা একটু কাটলেই রিলিজ করা হবে।

সিরিজটি প্রযোজনা করেছে বং শো’জ। সংগীত পরিচালনার দায়িত্বে স্বাগত বন্দ্যোপাধ্যায়। গান গেয়েছেন সোমেশ্বর চন্দ্র। সুন্দর পোস্টারটি ডিজাইন করেছেন অর্ণব সমাদ্দার।

Developed by DXDasia