ফেলুদা এবার বাংলাদেশে

আহমেদ রুবেল থাকছেন ফেলুদার চরিত্রে

এক জাদুকরের শো’তে ফেলুদার সঙ্গে আলাপ হয়েছিল ছোট্ট নয়নের। সেই ছেলের রয়েছে আশ্চর্য ক্ষমতা। উত্তর যদি সংখ্যায় হয়, চোখের নিমেষে যে কোনো প্রশ্নের জবাব দিয়ে সবাইকে হতবাক করে দিতে পারে সে। অনায়াসে বলে দিতে পারে কোনো অচেনা লোকের ব্যাংক অ্যাকাউন্টের নম্বর কিংবা মহাভারতের না পড়া সংস্করণের পাতার সংখ্যা। সেই নয়নের কিনা জীবন বিপন্ন, তাই প্রদোষ মিত্রকে আসরে নামতে হল। তারপর ঘটে অপ্রত্যাশিত একটা খুন। সবশেষে ফেলুদা রহস্যের সমাধানে পৌঁছনো অবধি সমস্ত কাহিনি জুড়ে টানটান উত্তেজনা। 

সত্যজিৎ রায়ের সেই রোমাঞ্চে ভরপুর বই ‘নয়ন রহস্য’ নিয়ে এবার ওয়েব ধারাবাহিক তৈরি হতে চলেছে বাংলাদেশে। এর আগে ২০১৭ সালে ভারত ও বাংলাদেশের যৌথ প্রয়োজনায় ‘গোলকধাম রহস্য’, ‘ঘুটঘুটিয়ার ঘটনা’ আর শেয়াল দেবতা রহস্য’ – ফেলুদার এই তিনটি গল্প নিয়ে ওয়েব সিরিজ নির্মিত হয়েছিল। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় সেই সিরিজটিতে ফেলুদার চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত নিজেই। তবে, ফেলুদার কাহিনি নিয়ে বাংলাদেশের একক কাজ এবারই প্রথম। 

আলফা আই মিডিয়া প্রোডাকশনস লিমিটেডের প্রযোজনায় এবারের ওয়েব সিরিজে ফেলুদার ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন এবং থিয়েটারের জনপ্রিয় অভিনেতা আহমেদ রেজা রুবেল। জটায়ুর চরিত্রে থাকছেন আজাদ আবুল কালাম। তোপসে চরিত্রের জন্য অডিশন চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে কয়েকদিনের মধ্যেই। জানা গেছে, তোপসের চরিত্রে থাকবে চমক। বাংলাদেশের বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত অভিনয় করছেন হিঙ্গোয়ানির ভূমিকায়। ওয়েব সিরিজটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন তৌকির আহমেদ। ওয়েব সিরিজের নাম মূল বইয়ের নামেই হবে কিনা, তা এখনও জানা যায়নি। ৮০ মিনিট দৈর্ঘ্যের সিরিজটি দেখা যাবে তিনটি পর্বে। আগামী ২১ এপ্রিল থেকে ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে শুটিং শুরু হবে। 

ফেলুদাকে নিয়ে প্রথমবার সিনেমা তৈরি করেছিলেন সত্যজিৎ রায় নিজেই। ‘সোনার কেল্লা’ এবং ‘জয় বাবা ফেলুনাথ’ চলচ্চিত্র দুটিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরে সত্যজিতের ছেলে সন্দীপ রায় টেলিফিল্ম আর সিনেমায় ফেলুদার অনেক কাহিনি চিত্রায়ন করেন। সেগুলোতে ফেলুদা হিসেবে দেখা গেছে সব্যসাচী চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়কে। সন্দীপেরই পরিচালনায় নির্মিত হিন্দি টিভি ধারাবাহিকে শশী কাপুর ছিলেন ফেলুদার চরিত্রে। এবার বাংলাদেশের ওয়েব ধারাবাহিকে সত্যজিৎ রায়ের সৃষ্টি করা বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্র নিয়ে কাজ করতে পেরে উচ্ছ্বসিত সিরিজটির কলাকুশলীরা।
 

Developed by DXDasia