
দিনটা ছিল ৯ অগাস্ট, টালিগঞ্জের রাধা ফিল্মস স্টুডিওতে একফালি অফিস
ঠিক ৪৫ বছর আগের কথা। দিনটা ছিল ৯ অগাস্ট। টালিগঞ্জের রাধা ফিল্মস স্টুডিওতে একফালি অফিস। বাংলার চলচ্চিত্র, থিয়েটার, কৃষিকাজ, রাজনীতি, অর্থনীতি, সাহিত্য — সবকিছু এক জায়গায় সুন্দর 'প্যাকেজে' পরিবেশনের দায়িত্ব নিল একটি চ্যানেল। শুরু হল বাংলা তথা ভারতীয় টেলিভিশনের সুবর্ণ যুগ। ছোটোপর্দায় গড়ে উঠল ইতিহাস। কলকাতা দূরদর্শন বা ডিডি বাংলা। পরবর্তীতে ১৯৮৬ সালের ১ জুলাই গল্ফগ্রিনে চলে আসে অফিস।
এই দূরদর্শনের ৪৫তম জন্মদিন আগামী ৯ অগাস্ট। নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এইদিন তাঁরা আয়োজন করছেন বিশেষ অনুষ্ঠান ‘নব নব রূপে’।
অসমের ডিগবয়ে অবস্থিত ভারতের প্রথম তৈলকূপ। ১৮৮৯ সালের সেপ্টেম্বর মাসে এখানে খনিজ তেল উত্তোলন শুরু হয়। ভারতের খনিজ তেল উত্তোলনের সেই ইতিহাস নিয়ে নির্মিত তথ্যচিত্রের শুটিংয়ে তথ্যচিত্রটির পরিচালক বিভাস বোস (ডানদিকে)।
শুরুর দিন থেকে যেসব অনুষ্ঠান দর্শকদের কাছে ভীষণভাবে জনপ্রিয়তা পেয়ে এসেছে এবং বাংলায় সেই সময় যখন চলচ্চিত্র, সাহিত্য, সংবাদপত্রের যথেষ্ট উৎকর্ষতা, সেই সময়ে দাঁড়িয়ে টেলিভিশনের নিজস্ব ভাষা তৈরি হয়েছিল দূরদর্শনের মাধ্যমে। শুরুর সময় থেকেই দূরদর্শনের পর্দায় তথ্যচিত্রের একটি বিশেষ স্থান ছিল। বহু তথ্যচিত্র পুরস্কারও পেয়েছে। শুধু এদেশেই নয়, বিদেশেও। সেইসব তথ্যচিত্র নির্মাণের কথা উঠে আসবে পঙ্কজ সাহা, বিভাস বোসের মতো বর্ষীয়ান নির্মাতাদের স্মৃতিচারণায়।
খেলাধুলার সম্প্রচার হত নিয়মিত। ফুটবলের শহর কলকাতা, আর সেই কলকাতা ময়দানের একটি ঐতিহাসিক দিন ছিল যেদিন নিউ ইয়র্ক কসমস ক্লাবের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে এসেছিলেন ফুটবল-সম্রাট পেলে। সেই ম্যাচের সরাসরি সম্প্রচার হয়েছিল। ধারাভাষ্য দিয়েছিলেন প্রবাদপ্রতিম অজয় বসু। সেই ম্যাচের লাইভ কভারেজের অভিজ্ঞতাও উঠে আসবে অনুষ্ঠানে।
থাকছে সেইসব সাবেকি ধাঁচের সংগীতের অনুষ্ঠানগুলির কথাও। কিংবদন্তি শিল্পীদের গান ও আড্ডায় ভরে ওঠা ‘কথায় ও সুরে’ – কীভাবেই বা এত মানুষকে নিয়ে এইসব অনুষ্ঠান সম্ভব হয়েছিল, টেলিভিশনের মতো নতুন মাধ্যমকে তাঁরা আপন করে নিলেন, তা নিয়ে কথা বলবেন সংগীতানুষ্ঠানের প্রযোজক মালতী বন্দ্যোপাধ্যায়। কলকাতা দূরদর্শনে প্রথম যাঁর মুখ ভেসে উঠেছিল পর্দায়, সেই শর্মিষ্ঠা দাশগুপ্ত কথা বলবেন তাঁর প্রযোজিত অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথের ভাঙা গান’ নিয়েও।
আগস্ট, ১৯৭৫। প্রথম দিনের ঘোষণায় শর্মিষ্ঠা দাশগুপ্ত – “নমস্কার, আজ থেকে কলকাতা টেলিভিশনের যাত্রা শুরু হল”।
বাঙালির বৈঠকী সংস্কৃতির ছোঁয়া থাকত যেসব অনুষ্ঠানে, যেমন, ‘নববর্ষের বৈঠক’, ‘দর্শকের দরবারে’ নিয়ে বলবেন পঙ্কজ সাহা, সঙ্গে দুই ভীষণ জনপ্রিয় ঘোষিকা শাশ্বতী গুহ ঠাকুরতা এবং চৈতালী দাশগুপ্ত, যাঁদের নাম দূরদর্শনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। প্রিয় মুখগুলোকে আবারও দেখতে পাবেন দর্শক। তাঁরা থাকছেন আবেগঘন স্মৃতিচারণা নিয়ে। উঠে আসবে নেপথ্যের কাহিনি।
একইসঙ্গে থাকছে ‘সাহিত্য সংস্কৃতি’-র কথাও। সেই সময়ে সাহিত্য নিয়ে এমন আলোচনামূলক সিরিয়াস অনুষ্ঠান কোনও টেলিভিশন কেন্দ্রেই হত না।
দূরদর্শনে হয়েছে প্রচুর সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান। জীবন্ত কিংবদন্তিদের এক-একটি পূর্ণাঙ্গ সাক্ষাৎকার অনুষ্ঠান আয়োজন করা হত। এখন ইউটিউবে প্রায়ই দেখতে পাওয়া যায় সেইসব দুর্লভ সংগ্রহগুলি। কিন্তু এর পিছনের ঘটনাগুলির কথা আর কজনই বা জানেন। ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকতেন যেসব প্রযোজকরা, তাঁরাও তো এক-একজন দিকপাল। তাঁদের মুখেই উঠে আসবে সেসব না-জানা গল্পগুলো।
সম্পূর্ণভাবে ছোটোদের জন্য তৈরি হওয়া অনুষ্ঠানগুলিকে নিয়েও থাকছে স্মৃতিচারণা। ‘চিচিং ফাঁক’-এর সেই বঙ্গখ্যাত মাইকেল স্বয়ং থাকছে শিল্পী প্রবীর দাসের সঙ্গে। ছোটোদের এইসব অনুষ্ঠানের ভাবনা কীভাবে হয়েছিল, কিংবা নামকরণই বা কারা করেছিলেন, এমন চিত্তাকর্ষক সব টুকিটাকির কথা শুনলে দর্শক নিশ্চিতভাবেই এক লহমায় ফিরে যাবেন পুরোনো দিনে।
দূরদর্শনে একসময় প্রযোজিত হয়েছিল প্রচুর নাটক এবং নৃত্যনাট্য। তৃপ্তি মিত্র নির্দেশিত ‘ডাকঘর’-এর প্রযোজনা যেমন সুবিখ্যাত। এছাড়াও অন্যান্য রবীন্দ্র-নৃত্যনাট্য যেমন ‘শ্যামা’, ‘চণ্ডালিকা’, ‘চিত্রাঙ্গদা’-র প্রযোজনাও এখানকার মঞ্চে। নাটক ছাড়াও নাটকের শিক্ষাদানের বিশেষ অনুষ্ঠান অবধি আয়োজিত হয়েছিল দূরদর্শনে। টেলিভিশনে নাটকের এমন বিরল ধারাটি নিয়ে এই অনুষ্ঠানে বলবেন নাট্যকার বিভাস চক্রবর্তী, যিনি একাধারে ছিলেন কলকাতা দূরদর্শনের প্রযোজক এবং নাট্যব্যক্তিত্ব।
আকাশবাণীর ‘মহিষাসুরমর্দিনী’-র মতোই সমান নস্টালজিক ছিল দূরদর্শনের ‘মহালয়া’। এই অনুষ্ঠানও শহরের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল গ্রাম-মফসসলে। সেই অনুষ্ঠান নিয়ে থাকছে বেশ কয়েকজন মানুষের স্মৃতিচারণা। প্রথমে মহালয়া কীরকম ছিল, পরে কী ধরনের পরিবর্তন এল, তা নিয়ে বলছেন জগন্নাথ মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা দাশগুপ্তর মতো প্রযোজকরা। একসময়ে বাংলার ঘরে ঘরে জীবন্ত ‘দনুজদলনী দুর্গা’ হয়ে উঠেছিলেন যিনি, সেই প্রখ্যাত সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ও থাকবেন এই স্মৃতিচারণার অংশ হয়ে।
প্রথম 'সাহিত্য সংস্কৃতি' অনুষ্ঠান। একদম বাঁদিকে দাঁড়িয়ে আছেন পঙ্কজ সাহা। তারপর (বাঁদিক থেকে) বনফুল, গোপাল হালদার, রাধারাণী দেবী, প্রেমেন্দ্র মিত্র ও সংযোজক স্বপন মজুমদার।
তবে শুধু বিনোদনমূলক অনুষ্ঠানের কথাই নয়, সরাসরি সম্প্রচার এবং সংবাদ পাঠকেও সমান গুরুত্ব দিয়ে স্থান দেওয়া হয়েছে জন্মদিন উপলক্ষ্যে নির্মিত এই বিশেষ অনুষ্ঠানে। গণমাধ্যম হিসেবে দূরদর্শনের গুরুত্বকে মানুষের কাছে তুলে ধরতে এই অংশটিতে যথেষ্টই গুরুত্ব দিয়েছেন নির্মাতারা। ১৯৭৮ সালের ভয়াবহ বন্যায় কলকাতা দূরদর্শন কীরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তা নিয়ে কথা বলেছেন স্বয়ং পঙ্কজ সাহা। বাচিকশিল্পী হিসেবে প্রসিদ্ধ, একসময়ের সংবাদ পাঠক তরুণ চক্রবর্তী বলবেন তাঁদের সংবাদ পাঠের স্বাতন্ত্র্য ধারা নিয়ে।
শেষ পর্বে রয়েছে দূরদর্শনের জনপ্রিয় টেলিছবি ও টেলিসিরিয়ালগুলির কথা। ‘টেনিদা’ থেকে শুরু করে ‘তেরো পার্বণ’, ‘বিবাহ অভিযান’ থেকে শুরু করে ‘জননী’, উঠে আসবে সকলের কথাই। পরিচালক থেকে অভিনেতা, সকলেই ভাগ করে নেবেন সেই সুখস্মৃতি। সব্যসাচী চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, বিষ্ণু পালচৌধুরীরা ডুব দিয়েছেন সেই সুখসাগরে।
তবে অনুষ্ঠানটির বিশেষত্ব হতে চলেছে এই যে, শুধুমাত্র ক্যামেরার সামনের মানুষ কিংবা নামী প্রযোজকরাই নন, এখানে জায়গা করে নিয়েছেন কয়েকজন নেপথ্যশিল্পীও, যাঁদের মধ্যে আছেন চিত্রগ্রাহক থেকে শুরু করে গ্রাফিক আর্টিস্ট, স্টেজ ডিজাইনার, সকলেই।
ইডেনের সবুজে পেলের স্কিল প্রদর্শন।
কলকাতা দূরদর্শনে প্রায় বাইশ বছর সংবাদ প্রযোজক হিসাবে কর্মরত ছিলেন সুমিত বন্দ্যোপাধ্যায়। দূরদর্শনের একেবারে শুরুর দিকের কথা। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানালেন, "দূরদর্শন ছিল আমাদের গর্ব করার মতো জিনিস। শিল্প-সাহিত্য-খেলা-বিনোদন এই এতকিছু মানুষ দেখতে পাবেন ছোটোপর্দায় বাড়িতে বসেই। এই ভাবনার শরিক হতে পারার একটা আলাদা আনন্দ আছে। এই দীর্ঘ ৪৫ বছরে আমি অনেক সহকর্মীদের হারিয়েছি। তাই ৯ অগাস্ট বারবার তাঁদের কথা মনে পড়বে। আমি চাই দূরদর্শন কারোর সঙ্গে কোনো প্রতিযোগিতায় না থেকে নিজ উদ্যমে এগিয়ে যাক আরও অনেক অনেক বছর।"
অনুষ্ঠান – ‘নব নব রূপে’, দেখানো হবে কলকাতা দূরদর্শনের ৪৫ বছরের জন্মদিন উপলক্ষ্যে আগামী ৯ অগাস্ট, রোববার, সন্ধে সাড়ে সাতটায়, শুধুমাত্র ডিডি বাংলায়।
