খুলছে সিনেমা হল, কর্তৃপক্ষ এবং দর্শকদের কী কী নিয়ম মানতেই হবে জেনে নিন

প্রায় সাত-আটটি ছবি মুক্তি পাবে এই পুজোয়

১৫ অক্টোবর থেকে শর্তসাপেক্ষে খোলা যাবে সিনেমা হলগুলি। সেই শর্তের বিস্তারিত জানানো হল মঙ্গলবার। দুর্গাপুজো নাগাদ মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি বাংলা ছবি। প্রায় সাত মাস পর আবার খুলবে প্রেক্ষাগৃহের দরজা। কী কী করবেন? কীভাবে সিনেমা দেখবেন? সরকারিভাবে জানানো হল সবকিছুই। 

১. প্রেক্ষাগৃহের দর্শকসংখ্যা ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি কোনওভাবেই হবে না।

২. বসার ক্ষেত্রে প্রয়োজনীয় দূরত্ববিধি মানতে হবে। সেই অনুযায়ীর বসার জায়গা চিহ্নিত করতে হবে।

৩. হাত ধোওয়া এবং স্যানিটাইজ করার ব্যবস্থা রাখতে হবে। রাখতে হবে সরঞ্জাম।

৪. প্রত্যেককে ‘আরোগ্য সেতু’ (Arogya Setu) অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিতে হবে।

৫. প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করতে হবে। উপসর্গহীনরাই ভিতরে প্রবেশের সুযোগ পাবেন।

৬. কোনও প্রেক্ষাগৃহের কর্মী বা দর্শক অসুস্থ বোধ করলে সেই বিষয়ে জানাতে হবে।

৭. বিভিন্ন স্ক্রিনে শোয়ের সময়ে তারতম্য বজায় রাখতে হবে। অনলাইন পেমেন্টের উপর জোর দিতে হবে।

৮. নিয়মিত বক্স অফিস পরিষ্কার ও স্যানিটাইজ করতে হবে। প্রেক্ষাগৃহের বাকি এলাকাতেও তাই করতে হবে।

৯. বক্স অফিসের পর্যাপ্ত কাউন্টার খুলতে হবে। যাতে একটি কাউন্টারে ভিড় না জমে। অগ্রিম বুকিংয়ে অপশন রাখতে হবে।  

১০. সিনেমার মাঝের বিরতির সময় যেন দর্শকরা অযথা ঘোরাঘুরি না করেন সেদিকে খেয়াল রাখতে হবে।

১১. লাইন দিয়ে ঢোকার সময় দূরত্ব বজায় রাখতে হবে। এর জন্য ফ্লোর মার্ক করে দিতে হবে।

১২. যেখানে-সেখানে থুতু ফেলা কিংবা আবর্জনা ফেলা কঠোরভাবে বন্ধ করতে হবে।

১৩. শুধুমাত্র প্যাকেটজাত খাবার ও পানীয় নেওয়া যাবে। সিনেমা হলের ভিতরে খাবার বিক্রি কিংবা পৌঁছে দেওয়া চলবে না। খাবারের জন্য পর্যাপ্ত কাউন্টার রাখতে হবে।

১৪. প্রেক্ষাগৃহের কর্মীদের জন্য মাস্ক, গ্লাভস, বিশেষ জুতো এবং PPE সরঞ্জামের মতো সুরক্ষা ব্যবস্থা রাখতে হবে।

১৫. নিয়ম লঙ্ঘন মানা হবে না। প্রত্যেকের ফোন নম্বর নিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হবে।

১৬. প্রেক্ষাগৃহের এয়ার কন্ডিশনের তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে।

১৭. বিরতির সময় জনগণকে করোনা সচেতনতায় বার্তা দিতে হবে। যেমন সবসময় মাস্ক পরা, স্যানিটাইজেশন করা, হাত ধোওয়া, দূরত্ব বজায় রাখা।

পুজোয় মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। মিমি-অনির্বাণের 'ড্রাকুলা স্যার', কোয়েল মল্লিক অভিনীত ‘রক্ত রহস্য’, অঞ্জন দত্তের 'সাহেবের কাটলেট', এছাড়াও ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ও  ‘পার্সেল’ আবার মুক্তি পাচ্ছে। মুক্তি পাবে স্বাধীন চলচ্চিত্র ‘দুধ পিঠের গাছ’। এছাড়াও ‘এসওএস কলকাতা’ মুক্তির অপেক্ষায়। পুজোয় অবশ্যই সিনেমা দেখুন, তবে সমস্তরকম সতর্কতা অবলম্বন করে।

Developed by DXDasia