All That Breathes : সত্যজিৎ রায়ের পর দ্বিতীয় বাঙালি হিসেবে অস্কারের মঞ্চে পৌঁছালেন শৌনক সেন

অস্কারে মনোনয়ন পেল শৌনক সেনের তথ্যচিত্র ‘All That Breathes’

ধ্বংসের আবহেও প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ, শৌনক সেনের (Shaunak Sen) তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ (All That Breathes) বারবার সেই কথাই মনে করিয়ে দেয়। ছবিতে দেখা যায় মহম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ — এই দুই ভাই একসঙ্গে আহত পাখিদের, বিশেষ করে কালো পেঁচাদের উদ্ধার করে তাদের চিকিৎসার বন্দোবস্ত করেন। পাখির সঙ্গে মানুষের যে বহমান সম্পর্ক, তা সুন্দরভাবে ক্যামেরাবন্দি করেছেন শৌনক এবং তাঁর টিম। এবার সেই ছবিই অস্কার ২০২৩ (Oscar 2023)-এ মনোনয়ন পেল।

১৯৯২ সালের ৬৪তম অস্কার পুরস্কারে জীবনকৃতি সম্মান পেয়েছিলেন বাংলার সত্যজিৎ রায় (Satyajit Ray)। সেটিই বাংলা এবং ভারতের এখনও পর্যন্ত একমাত্র অস্কার পুরস্কার। তার ৩১ বছর পর বাঙালি পরিচালক শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ সেরা তথ্যচিত্রের জন্য মনোনীত হল। প্রসঙ্গত উল্লেখ্য, ৯৫তম অস্কারের (95th Oscar) তথ্যচিত্র বিভাগে মনোনীত হয়েছে আরও একটি ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপার্স’, যার পরিচালক কার্তিকি গনসালভস। এছাড়াও এই বিভাগে মনোনীত হয়েছে ‘অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশেড’ (ইউএস), ‘ফায়ার অফ লাভ’ (ইউএস ও কানাডা), ‘আ হাউজ় মেড অফ স্প্লিনটার্স অ্যান্ড ন্যাভালনি’ (ডেনমার্ক, সুইডেন ও ইউক্রেন)-র মতো তথ্যচিত্র।

১৯৯২ সালের ৬৪তম অস্কার পুরস্কারে জীবনকৃতি সম্মান পেয়েছিলেন বাংলার সত্যজিৎ রায়। সেটিই বাংলা এবং ভারতের এখনও পর্যন্ত একমাত্র অস্কার পুরস্কার। তার ৩১ বছর পর বাঙালি পরিচালক শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ সেরা তথ্যচিত্রের জন্য মনোনীত হল।

বাঙালি হলেও পেশাসূত্রে দিল্লিতে থাকেন শৌনক সেন। পড়াশোনা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। সানডান্স চলচ্চিত্র উৎসবে (Sundance Film Festival) ‘ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি প্রাইজ’-এ ভূষিত হয়েছিল শৌনকের এই তথ্যচিত্রটি। এরপরেই কানের ‘স্পেশাল স্ক্রিনিং’ বিভাগে দেখানো হয় ‘অল দ্যাট ব্রিদস’। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে (75th Cannes) সেরা তথ্যচিত্রের জন্য ‘গোল্ডেন আই’ (Golden Eye) পুরস্কার পেয়েছিলেন শৌনক, যার মূল্য ৫,০০০ ইউরো। বিচারকেরা মুগ্ধ হয়ে একটি বিবৃতিতে জানিয়েছেন, “এই বিচ্ছিন্নতার পৃথিবীতে ‘অল দ্যাট ব্রিদস’ সকলকে মনে করিয়ে দেয় প্রতিটি জীবন মূল্যবান। একইসঙ্গে জীবনের প্রতিটা মুহূর্তও মূল্যবান।”

দেশ-বিদেশের স্বনামধন্য চলচ্চিত্র সমালোচকরা তুমুল প্রশংসা করেছে এই ছবির। অস্কারের মনোনয়নের খবর শুনে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শৌনক জানিয়েছেন, “এত ভাল লাগছে…! এত ভাল লাগছে…! যে বলার নয়! এটা একটা অসামান্য অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা মুশকিল। অন্যরকম খুশির মুহূর্ত। আমি, আমার দল সবাই ভীষণ ভীষণ খুশি।”

এখন বাঙালির নজর অস্কারের দিকে।

Developed by DXDasia