কিম জে-সেওক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল ছবিটি
২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিম জে-সেওক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল অপর্ণার নতুন হিন্দি ছবি ‘দ্য রেপিস্ট’। অবশেষে সেরার শিরোপা পেল ছবিটি। ছবিতে অভিনয় করেছেন অপর্ণা সেন স্বয়ং। এছাড়াও বিশেষ চরিত্রে দেখা যাবে কঙ্কনা সেনশর্মা, অর্জুন রামপাল, তন্ময় ধনানিয়া, অনিন্দিতা বসুকে। এর আগেও মা-মেয়ের জুটির ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’ সম্মানিত হয়েছিল জাতীয় পুরস্কারে।
ছবিতে একজন নির্যাতিতার গল্প বলেছেন তিনি। যাকে রোজ অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হয়। কিন্তু কেন তিনি প্রকাশ্যে এসে বিচারের দাবি করতে ভয় পান? কেনই বা লজ্জায় মুখ ঢাকতে হয়? এরকম কিছু উত্তর খুঁজেছেন তিনি। এই ছবির মাধ্যমেই প্রায় দুই বছর পর পরিচালনায় ফিরছেন তিনি।
‘সারি রাত’, ‘সোনাটা’-র পর ‘দ্য রেপিস্ট’ অপর্ণার তৃতীয় হিন্দি ছবি। একটি সাক্ষাৎকারে অপর্ণা সেনকে জিজ্ঞাসা করা হয়েছিল, চলচ্চিত্রে সৃজনশীলতা এবং স্বাধীনতা নিয়ে তাঁর মত কী? উত্তরে অপর্ণা বলেছিলেন, শুধু সিনেমা নয় প্রতিটি ক্ষেত্রে এগুলিকে দমন করা হচ্ছে। কেউ দেশের সমালোচনা করলেই ‘দেশদ্রোহী’ হয়ে যায় না। মত প্রকাশের স্বাধীনতা সকলের থাকা উচিত। কারণ এই স্বাধীনতা আমাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার। ‘দ্য রেপিস্ট’-এ আরেকবার প্রতিবাদী মিসেস সেনকে দেখার জন্য উন্মুখ অপর্ণা-প্রেমীরা।
আরও পড়ুন: ৭৪ বছর পূর্ণ করলেন কিংবদন্তি ‘মিস ক্যালকাটা’
বুসানে চলচ্চিত্র উৎসব এই পুরস্কার জেতার পর অপর্ণা সেন নিজের ট্যুইট করেন, ‘২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়ী হয়েছে আমাদের ছবি দ্য রেপিস্ট। আমি আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি ও দর্শকদের।’
প্রসঙ্গত, গত চার বছর ধরে দক্ষিণ কোরিয়ার বুসান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে প্রয়াত অনুষ্ঠান অধিকর্তা কিম জিসেক নামাঙ্কিত সম্মানীয় পুরস্কার।