হামিংয়ের জন্য মৃণাল সেন ১০০ টাকার চেক দিয়েছিলেন শঙ্কর কন্যাকে
সাল ১৯৭৬। চলচ্চিত্র দুনিয়ায় সেই প্রথমবার পা দেওয়া মেয়েটি হয়তো মনে মনে নৃত্যশিল্পীই হতে চেয়েছিলেন। কিন্তু ‘মৃণালদা’র দৌলতে অভিনেত্রী হওয়ার সুযোগ এল সেই প্রথমবার। মমতা শঙ্কর। মৃণাল সেন পরিচালিত ছবি ‘মৃগয়া’ তাঁর প্রথম অভিনীত ছবি। কিন্তু মৃণাল সেনের সঙ্গে মমতা শঙ্করের পরিচয় তারও বছর তিনেক আগে। এই গল্প অনেকেরই অজানা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর বলেছেন, “‘পদাতিক’-এ আমার দাদার (আনন্দ শঙ্কর) মিউজ়িক। তাতে এক জায়গায় একটা হামিংয়ের কাজ আমার ছিল। মৃণালদা আমায় ১০০ টাকার একটা চেক দিলেন। সেই প্রথম রোজগার।” মৃণাল সেনকে আজীবন ‘বাবা’ মেনেছেন তিনি।
মৃগয়া ছবিতে মমতা শঙ্কর
প্রথম ছবি, ‘মৃগয়া’। মস্কোয় প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়াও মৃণাল সেনের সুবাদে। সেই ‘মৃগয়া’ ছবি মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্করের অভিনয়ের জন্য বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওড়িয়া গল্পকার ভগবতি চরণ পানিগ্রাহী’র গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘মৃগয়া’ চলচ্চিত্র। ব্রিটিশ শাসিত ভারতের প্রেক্ষাপটে এক আদিবাসী যুবকের জীবন সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে কাহিনি। ঘিনুয়া একজন সরল আদিবাসী যুবক, শিকারই তার নেশা এবং পেশা। ইংরেজ সাহেবও শিকারের নেশায় মত্ত। শিকারকে ঘিরেই দুই অসম শ্রেণির মানুষের মধ্যে হৃদ্যতা গড়ে ওঠে। মহাজন একদিন ঘিনুয়ার স্ত্রীকে উঠিয়ে নিয়ে যায়। বউকে লুণ্ঠনের শাস্তি ঘিনুয়া নিজের হাতে তুলে নেয়। ব্রিটিশ আইন তার বিরুদ্ধে চূড়ান্ত রায় দেয়। কিন্তু ঘিনুয়া আর তার আদিবাসী সঙ্গীরা বুঝতে পারে না, বিশ্বাসঘাতককে হত্যা করলে তার শাস্তি হবে কেন! কে বলবে ‘মৃগয়া’, মিঠুন আর মমতার প্রথম কাজ!
অন্তর্লীন ছবিতে মমতা শঙ্কর
নৃত্যশিল্পী মমতা শঙ্কর
নৃত্য মাধ্যমকে যাঁরা গোটা পৃথিবীর সামনে নিয়ে গিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম দুইজন বাঙালি পুরোধা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং উদয় শঙ্কর। সেই শঙ্কর পরিবারের কন্যা তিনি। তিনি জানেন নাচের মাধ্যমে কীভাবে প্রতিদিনের যাপনকে ধারণ করতে হয়। শরীরী ভাষ্যে কীভাবে জলজ্যান্ত হয়ে ওঠে জীবনের প্রতিটি সংলাপ – তাও দেখিয়ে চলেছেন মমতা শঙ্কর। চলচ্চিত্রে কাজ করেছেন, সত্যজিৎ রায়, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ প্রমুখের সঙ্গে। এখনও সমান তালে অভিনয় করে যাচ্ছেন। সঙ্গে নাচকে কখনও ছাড়েননি। সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’ চলচ্চিত্রের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। এছাড়াও ‘শাখা প্রশাখা’ এবং ‘উৎসব’ ছবির জন্য পেয়েছেন বিএফজেএ পুরস্কার। আজ অভিনেত্রী এবং নৃত্যশিল্পী/পরিকল্পক মমতা শঙ্করের ৬৬তম জন্মদিন।
