
ভেসেলে সুন্দরবন ভ্রমণ
সুন্দরবন – পৃথিবীর সবথেকে বড়ো ম্যানগ্রোভ অরণ্য। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে চলছে ক্রুজ ভেসেলে সুন্দরবন ভ্রমণ। ১ রাত-২ দিন অথবা ২ রাত-৩ দিনের প্যাকেজ। ইতিমধ্যেই তা জনপ্রিয় হয়ে উঠেছে। বিনোদনের পাশাপাশি ভ্রমণার্থীদের সামনে তুলে ধরা হয় জঙ্গল এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা।

১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ৯৬২৯ বর্গকিলোমিটার জুড়ে বিশাল এই অরণ্য। যাকে বলা হয় “a complex network of tidal waterways, mudflats, and small islands of salt-tolerant mangrove forests”। বিচিত্র রকমের উদ্ভিদ ও প্রাণীর আনাগোনা। বেলাভূমি, মোহনা, স্থায়ী এবং প্রায়-স্থায়ী জলাভূমি, বালিয়াড়ি, প্রাকৃতিক বাঁধ, খাঁড়ি – সব মিলিয়ে ভৌগোলিক গঠনও অবাক করার মতো।

বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ গাছ ছাড়াও প্রায় ২০০ রকম উদ্ভিদ প্রজাতি, ৪০০-র বেশি প্রজাতির মাছ, ৩০০-র বেশি পাখির প্রজাতি, ৩৫ ধরনের সরীসৃপ, ৪২ রকম স্তন্যপায়ী এবং আরও অসংখ্য প্রাণীর বাস সুন্দরবনে। জলমোরগ, চক্রবাক, গগনবেড়, চিতল হরিণ, রেসাস বানর, বুনো ভালুক, রয়্যাল বেঙ্গল টাইগার, জল গোসাপ, মেছো বেড়াল, ভোঁদর, জলপাইরঙা সাগর কাছিম, কেটো কচ্ছপ, কুমির, নানা রকম পরিযায়ী পাখি – বলে শেষ করা যাবে না।

বাস্তুতন্ত্রে যেমন ভারসাম্য রেখেছে সুন্দরবন, তার আরেকটি উপকারও ভোলার নয়। বাফার হয়ে দাঁড়ায়ে ক্রান্তীয় ঘূর্ণিঝড় প্রতিরোধ করে এই জঙ্গল। বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় থেকে প্রায় ৪ কোটি মানুষকে আগলে রাখে। গত বছর আমফানের কবল থেকে কলকাতা এবং তার আশেপাশের এলাকা অনেকটাই নিরাপদে ছিল সুন্দরবনের জন্য। ফণী এবং বুলবুলের সময়েও রক্ষা করেছে আমাদের। গবেষকরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রান্তীয় ঘূর্ণিঝড় আরও বাড়বে। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সুন্দরবন খুবই জরুরি অবদান রাখে।

যত বেশি আপনি সুন্দরবনে ঘুরে বেড়াবেন, উপলব্ধি করতে পারবেন এই বিশাল জঙ্গলের উপকারিতা। সংরক্ষণের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। সুন্দরবনে গিয়ে কয়েকদিন অনায়াসে থাকতে পারেন পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের নিজস্ব মাতলা ট্যুরিজম প্রপার্টিতে (পূর্বতন সজনেখালি ট্যুরিস্ট লজ)। থাকা এবং খাওয়ার রাজকীয় বন্দোবস্ত রয়েছে। পরিবার অথবা বন্ধুদের নিয়ে প্রকৃতির মাঝখানে কয়েকদিন কাটিয়ে আসুন।

আরও পড়ুন: ঘুরে আসুন দার্জিলিংয়ের জনপ্রিয় শুটিং স্পটে
ক্রুজ ভেসেলে করেও সুন্দরবন ঘুরতে পারেন। গোটা সফরে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলা হবে কঠোরভাবে। বুকিং-এর পর যদি প্যাকেজ ট্যুর বাতিল করতে চান, তাহলে মনে রাখবেন –
১. যাত্রার দিন বাদ দিয়ে ১৫ দিন বা তার আগে বাতিল করলে – প্যাকেজ রেটের ৪০ শতাংশ।
২. যাত্রার দিন বাদ দিয়ে ১৫ থেকে ৭ দিন আগে বাতিল করলে – প্যাকেজ রেটের ৬০ শতাংশ ।
৩. ৭ দিনের কম সময়ে বাতিল করলে রিফান্ড হবে না।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন –
West Bengal Tourism Development Corporation Ltd
DG Block, Sector-II, Salt Lake
Kolkata 700091
Phone: (033) 2358 5189, Fax: 2359 8292
Website: https://www.wbtdcl.com/
Email: visitwestbengal@yahoo.co.in, mdwbtdc@gmail.com, dgmrwbtdc@gmail.com

