
আবার বাঙালির বিশ্বজয়
আবার বাঙালির বিশ্বজয়। আন্তর্জাতিক অনলাইন যোগ অলিম্পিকে বিশ্বের অনেকগুলি দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করলেন সুজয় ঘোষ।
গত মাসে অনলাইনে অনুষ্ঠিত হল প্রথম আন্তর্জাতিক যোগ অলিম্পিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বেশ কয়েক বছর ধরেই আয়োজিত হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে, তবে ‘অলিম্পিক’ শব্দটি এবারই প্রথমবারের মতো ব্যবহৃত হল। অনলাইনে আয়োজনও এই প্রথমবার। মোট ৮টি বিভাগ ছিল এবারের প্রতিযোগিতায়। অংশগ্রহণ করেছিলেন ১ হাজারেরও বেশি প্রতিযোগী। ‘যোগ অ্যাথলেটিক’ বিভাগে অন্য সবাইকে হারিয়ে ভারতের প্রতিনিধি সুজয় জিতে নেন স্বর্ণপদক। অর্জন করেন প্রথম স্থান। ‘যোগ আসন’ বিভাগেও পঞ্চম স্থান অধিকার করেছেন দমদমের বাগজোলা ঘোষপাড়ার এই বাসিন্দা।
সুজয় ঘোষের বয়স এখন ২০। মাত্র ৬ বছর বয়স থেকে বিশ্ব যোগ প্রতিযোগিতায় সফল হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ২০০৬ সালে প্রশিক্ষণ শুরু করার মাত্র ৬ মাসের মধ্যেই উত্তর ২৪ পরগনা জেলা স্তরের একটি প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেন। ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর ভর্তি হন একটি অ্যানিমেশন কোর্সে। তারই সঙ্গে যোগ প্রশিক্ষকের দায়িত্বও পালন করেন সুজয়। কাজ করছেন বেশ কিছু শরীরচর্চা প্রতিষ্ঠান এবং মধ্যমগ্রামের এক বেসরকারি স্কুলে ।
সুজয়ের বাবা পেশায় একজন দুধ ব্যবসায়ী। খুব বেশি আর্থিক সামর্থ্য না থাকলেও ছেলেকে সাহস জুগিয়ে চলেছেন সর্বদা। কঠোর সংগ্রাম করছেন সুজয় নিজেও। ৭ বছর আগে লস অ্যাঞ্জেলেসের এক বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ এসেছিল তাঁর। যদিও ব্যাঙ্গালোরের ট্রায়ালে হাজির থাকতে পারেননি। এবার অনলাইন প্রতিযোগিতায় বাজিমাত করলেন। এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার, বন্ধু এবং অন্যান্য আপনজনেরা। বাংলার যুবক-যুবতীদের কাছে সুজয় হয়ে উঠেছেন অনুপ্রেরণা।

