শরীরচর্চার আন্তর্জাতিক মঞ্চে বাংলার নাম ফের উজ্জ্বল করলেন ‘শিলিগুড়ির সোনার ছেলে’ সুমন

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ বডি বিল্ডিং আয়োজিত ডায়মন্ড কাপে স্বর্ণপদক

কয়েক মাস আগেই ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন আয়োজিত মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ী হয়ে বিশ্বশ্রী খেতাব জিতেছিলেন নদীয়ার সৌম্য দাশ। স্পর্শ করেছিলেন কিংবদন্তি মনোতোষ রায় এবং মনোহর আইচের নজির। এবারে, শরীরচর্চার আন্তর্জাতিক মঞ্চে ফের বাংলার নাম উজ্জ্বল করলেন শিলিগুড়ির সুমন দাস। সদ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ বডি বিল্ডিং (আইএফবিবি) আয়োজিত ২০১৯-এর ডায়মন্ড কাপ প্রতিযোগিতায় ৮০ কেজির ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছেন সুমন। 

সুমনের বাড়ি মাটিগাড়ার খাপরাইলে। দীর্ঘদিন ধরেই শরীরচর্চার সঙ্গে যুক্ত। ২০০৮-এ প্রথমবার বডিবিল্ডিং প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন। এযাবৎ ২৫টি পুরস্কার পেলেও ডায়মন্ড কাপে স্বর্ণপদকই তাঁর এখনো অবধি শ্রেষ্ঠ সাফল্য। ৪৭টি দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। সেখানেই ৮০ কেজি বিভাগে সোনা জিতেছেন সুমন। এরপরে, এই প্রতিযোগিতার বিভিন্ন ওয়েট ক্যাটাগরির চ্যাম্পিয়নদের নিয়ে প্রতিযোগিতাতেও দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি। এর ফলে, আগামীতে আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণের ছাড়পত্রও পেয়েছেন সুমন। 

শেষ ৩ মাস দিনে দু’বার ২ ঘণ্টা করে জিমে সময় কাটিয়েছেন সুমন। প্রতিযোগিতার মাসখানেক আগেই খাদ্যে বিষক্রিয়ার ফলে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। শরীর দুর্বল হয়ে পড়েছিল। তারপরেও ফিরে এসেছেন তিনি। জিতে নিয়েছেন সোনার পদক। সঠিক খাদ্যাভ্যাস, ট্রেনিং এবং মনের জোর ছাড়া আন্তর্জাতিক মানের বডি বিল্ডার হওয়া সম্ভব না, জানাচ্ছেন সুমন।  

Post Tags
Developed by DXDasia