
মনোতোষ রায়, মনোহর আইচকে ছুঁলেন সৌম্য দাশ
ফের বিশ্বশ্রী একজন বঙ্গসন্তান। ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন আয়োজিত মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ী হয়ে বিশ্বশ্রী খেতাব জিতলেন নদীয়ার পায়রাডাঙার সৌম্য দাশ। ছুঁয়ে ফেললেন কিংবদন্তী মনোতোষ রায় এবং মনোহর আইচকে। ১৯৫১ সালে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বশ্রী খেতাব জিতেছিলেন মনোতোষ রায়। তার পরের বছরেই ফের বিশ্বশ্রী খেতাব জেতেন মনোহর আইচ। এর পরে বাংলা থেকে ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছিল শরীরচর্চার সেই ঘরানা। ২০১৯ সালে বিশ্বজয় করে বাংলাকে ফের সেই গৌরবের সামনে এনে দাঁড় করালেন সৌম্য।
দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত হয়েছিল মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতা। ২২ জুন ফাইনালে সেখানেই সেরার শিরোপা জিতে নেন সৌম্য। তাঁর খোদাই করা চেহারার কাছে হার মানতে হয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যায়ামবীরদের। ছোটোবেলায় অত্যন্ত মোটা ছিলেন বলে যাওয়া শুরু করেন জিমে। মাত্র ১৬ বছর বয়সেই জেলার সেরা। তারপর শুরু হয় বিশ্বমঞ্চে খেতাব জেতার লড়াই। বডি বিল্ডিং খুবই খরচসাপেক্ষ। তাই, রোজগারের জন্য জিম ট্রেনারের চাকরিও করতে হয়েছে। তারই মধ্যে সময় বের করে চালিয়ে গেছেন নিজের সাধনা। তারই ফল মিলেছে হাতেনাতে। আমাদের সবাইকে ফের একবার গর্বিত করেছেন সৌম্য।
বিশ্বজয় করে বুধবার ঘরে ফিরেছেন সৌম্য। তাঁকে নিয়ে বিমানবন্দরেই বাঁধভাঙা উচ্ছাসে ভেঙে পড়েন বন্ধু-পরিজনরা। আপাতত কিছুদিনের বিশ্রাম। তারপর নতুন শিখর ছোঁয়ার খোঁজ শুরু হবে বাংলার নতুন বিশ্বশ্রীর।
ছবিসূত্র: NABBA/WFF INDIA
