বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পোলিও বিষয়ে পরামর্শ দেবেন এই বাঙালি বিজ্ঞানী

বাবার সঙ্গে যৌথভাবে তিনি বাংলাদেশে প্রথম করোনার জিনোম সিকোয়েন্স উন্মোচন করেন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শকের দায়িত্ব পেলেন বাংলাদেশের অণুজীববিজ্ঞানী ডা. সেঁজুতি সাহা। আন্তর্জাতিক এই সংস্থার দ্য পোলিও ট্রানজিশন ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ডের সদস্যপদ তিনি লাভ করলেন।

সেঁজুতি এখন বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন নামক এক বেসরকারি সংস্থায় কর্মরত। গত মে মাসে বাবা সমীর সাহার সঙ্গে যৌথভাবে তিনি বাংলাদেশে প্রথমবার করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স উন্মোচন করেন।

দ্য পোলিও ট্রানজিশন ইনডিপেনডেন্ট মনিটরিং বোর্ড (টিআইএমবি) মূলত বিশ্বব্যাপী পোলিও রোগের বিস্তার নিয়ে কাজ করে। একটা দেশ কীভাবে শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে, স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করবে, সংক্রামক ব্যাধি সম্পর্কে নজরদারি চালাবে – ইত্যাদি বিষয়ে পরামর্শ দেন এই বোর্ডের সদস্যরা। 

বোর্ডের বর্তমান সভাপতি ব্রিটেনের প্রাক্তন প্রধান চিকিৎসা কর্মকর্তা স্যার লিয়াম ডোনাল্ডসন। তিনি লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক। এ বছর টিআইএমবি-তে নিয়োগ করা হয়েছে তিনজনকে। ডা. সেঁজুতি সাহা ছাড়াও সদস্যপদ লাভ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক শেইলা লেথারম্যান এবং নাইজেরিয়ার প্রখ্যাত চিকিৎসক ডা. লোলা ডেয়ার। 

 

Developed by DXDasia